[1] সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও, কারণ তিনি অবিশ্বাস্য কাজ করেছেন; তাঁর ডান হাত ও তাঁর পবিত্র বাহু তাঁর পক্ষে পরিত্রাণ সাধন করেছেন।
[2] সদাপ্রভু তাঁর পরিত্রাণ ঘোষণা করেছেন এবং তাঁর ধার্মিকতা জাতিগণের কাছে প্রকাশ করেছেন।
[3] ইস্রায়েলের প্রতি তাঁর প্রেম ও বিশ্বস্ততা তিনি স্মরণে রেখেছেন; আমাদের ঈশ্বরের পরিত্রাণ পৃথিবীর সমস্ত প্রান্ত প্রত্যক্ষ করেছে।
[4] সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো, প্রশংসায় মেতে ওঠো ও আনন্দগান করো;
[5] বীণা সহযোগে সদাপ্রভুর উদ্দেশে গান গাও, বীণা সহযোগে ও গানের শব্দে,
[6] তূরীধ্বনির শব্দে এবং শিঙার সুদীর্ঘ শব্দে— রাজা সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।
[7] সমুদ্র ও তার মধ্যে যা কিছু আছে গর্জন করুক, পৃথিবী ও তাঁর মধ্যে যারা সবাই বাস করে।
[8] নদীরা হাতে তালি দিক, পর্বতগুলি একসঙ্গে আনন্দগান করুক;
[9] সদাপ্রভুর সম্মুখে তারা গান করুক; কারণ তিনি জগতের বিচার করতে আসছেন। তিনি ধার্মিকতায় এই পৃথিবী এবং সমতায় জাতিগণের বিচার করবেন।