Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:51

[1] আমার কথা শোনো, হে আমার ঈশ্বর, আমার অভিযোগ শোনো; শত্রুর হুমকি থেকে আমার জীবন রক্ষা করো।

[2] দুষ্টদের ষড়যন্ত্র থেকে আর অনিষ্টকারীদের চক্রান্ত থেকে, আমার জীবনকে লুকিয়ে রাখো।

[3] তারা তরোয়ালের মতো নিজেদের জিভ ধার দিয়েছে আর বিষাক্ত তিরের মতো নির্মম বাক্য দিয়ে তাদের লক্ষ্যস্থির করেছে।

[4] তারা আড়াল থেকে নির্দোষ মানুষের উপর তির ছোঁড়ে; হঠাৎ তির ছোঁড়ে, ভয় করে না।

[5] তারা একে অপরকে কুটিল মন্ত্রণায় প্ররোচিত করে, এবং কীভাবে গোপনে ফাঁদ পাতা যায় তা সঙ্কল্প করে; তারা বলে, “কে এটি দেখবে?”

[6] তারা অন্যায় ষড়যন্ত্র করে আর বলে, “আমরা এক নিখুঁত পরিকল্পনা করেছি!” নিশ্চয়, মানুষের মন ও হৃদয় ধূর্ত!

[7] কিন্তু ঈশ্বর আপন তির তাদের দিকে নিক্ষেপ করবেন, হঠাৎ আঘাতে তারা ভূপতিত হবে।

[8] তিনি তাদের জিভ তাদের বিরুদ্ধেই চালনা করবেন এবং তাদের ধ্বংস করবেন; তাদের এই দশা দেখে সকলে উপহাসে মাথা নাড়াবে।

[9] সব মানুষ ভীত হবে; তারা ঈশ্বরের ক্রিয়াকলাপ ঘোষণা করবে এবং তাঁর কর্মসকলে মনোনিবেশ করবে।

[10] ধার্মিক সদাপ্রভুতে আনন্দ করবে ও তাতে শরণ নেবে; যারা হৃদয়ে ন্যায়পরায়ণ তারা তাঁর জয়গান করবে।

গীত — Chapters