[1] সদাপ্রভুর প্রশংসা করো। সদাপ্রভুর নামের প্রশংসা করো; সদাপ্রভুর সেবকগণ, তাঁর স্তুতিগান করো,
[2] তোমরা যারা সদাপ্রভুর গৃহে পরিচর্যা করো, আমাদের ঈশ্বরের গৃহের প্রাঙ্গণে।
[3] সদাপ্রভুর প্রশংসা করো কারণ সদাপ্রভু মঙ্গলময়; তাঁর নামের উদ্দেশে স্তুতিগান করো কারণ তা মনোরম।
[4] সদাপ্রভু আপন উদ্দেশে যাকোবকে, আর তাঁর অমূল্য সম্পদরূপে ইস্রায়েলকে মনোনীত করেছেন।
[5] আমি জানি সদাপ্রভু মহান, আমাদের প্রভু সব দেবতাদের ঊর্ধ্বে।
[6] আকাশমণ্ডলে ও পৃথিবীতে, সমুদ্রে ও সমস্ত জলধির মধ্যে, সদাপ্রভুর যা ইচ্ছা তাই করেন।
[7] তিনি পৃথিবীর প্রান্তদেশ থেকে মেঘ উত্থাপন করেন; তিনি বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ প্রেরণ করেন, আর আপন ভাণ্ডার থেকে বায়ু বের করে আনেন।
[8] তিনি মিশরের প্রথমজাতকে বিনাশ করেছিলেন, মানুষ ও পশুর প্রথমজাত।
[9] হে মিশর, ফরৌণ ও তার অনুচরদের বিপক্ষে, তিনি তোমার মাঝে চিহ্ন ও আশ্চর্য কাজ পাঠিয়েছিলেন।
[10] তিনি বহু জাতিকে আঘাত করেছিলেন এবং শক্তিশালী রাজাদের বধ করেছিলেন—
[11] ইমোরীয়দের রাজা সীহোনকে, বাশনের রাজা ওগকে এবং কনানের সমস্ত রাজাদের—
[12] এবং তিনি তাদের দেশ অধিকারস্বরূপ দিলেন, তাঁর প্রজা ইস্রায়েলকে অধিকার দিলেন।
[13] তোমার নাম, হে সদাপ্রভু, অনন্তকালস্থায়ী, তোমার খ্যাতি, হে সদাপ্রভু, সকল প্রজন্মের কাছে পরিচিত।
[14] সদাপ্রভু তাঁর লোকেদের ন্যায়বিচার দেবেন আর তাঁর দাসদের প্রতি করুণা করবেন।
[15] জাতিগণের প্রতিমা সকল রুপো ও সোনা দিয়ে তৈরি, মানুষের হাতে গড়া।
[16] তাদের মুখ আছে, কিন্তু কথা বলতে পারে না, চোখ আছে, কিন্তু দেখতে পায় না।
[17] তাদের কান আছে, কিন্তু শুনতে পায় না, এমনকি তাদের মুখে প্রাণের নিঃশ্বাস নেই।
[18] যারা প্রতিমা তৈরি করে তারা তাদের মতোই হবে, আর যারা সেগুলির উপর আস্থা রাখে তারা তেমনই হবে।
[19] হে ইস্রায়েলের কুল, সদাপ্রভুর প্রশংসা করো; হে হারোণের কুল, সদাপ্রভুর প্রশংসা করো;
[20] হে লেবীয় কুল, সদাপ্রভুর প্রশংসা করো; তোমরা যারা তাঁকে সম্ভ্রম করো, সদাপ্রভুর প্রশংসা করো।
[21] সিয়োন থেকে সদাপ্রভুর প্রশংসা হোক, কারণ তিনি জেরুশালেমে বাস করেন। সদাপ্রভুর প্রশংসা করো।