[1] হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো; আমার সাহায্যের প্রার্থনা তোমার কাছে উপস্থিত হোক।
[2] যখন আমি সঙ্কটে আছি তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে রেখো না। আমার দিকে কর্ণপাত করো; যখন আমি তোমাকে ডাকি, শীঘ্রই আমাকে উত্তর দিও।
[3] আমার দিনগুলি ধোঁয়ার মতো মিলিয়ে যায়; আমার হাড়গোড় কয়লার মতো জ্বলছে।
[4] আমার হৃদয় ক্ষয় হয়েছে আর ঘাসের মতো শুষ্ক হয়েছে; আমি খাবার খেতে ভুলে যাই।
[5] আমার দুর্দশায় আমি আর্তনাদ করি আর আমি চামড়া ও হাড়ে পরিণত হয়েছি।
[6] আমি মরুভূমির প্যাঁচার মতো, ধ্বংসের মাঝে প্যাঁচার মতো হয়েছি।
[7] আমি সজাগ থাকি; ছাদের উপরে একা পাখির মতো হয়েছি।
[8] দিনের পর দিন আমার শত্রুরা আমাকে বিদ্রুপ করে; যারা আমার প্রতি ক্রুদ্ধ তারা আমার নামে অভিশাপ দেয়।
[9] কেননা আমি খাবারের পরিবর্তে ছাই খেয়েছি আর আমার পানীয়র সঙ্গে চোখের জল মিশিয়েছি
[10] তোমার মহা ক্রোধের কারণে, কেননা তুমি আমাকে তুলে ছুঁড়ে ফেলেছ।
[11] আমার দিন সন্ধ্যার ছায়ার মতো হয়েছে; আমি ঘাসের মতো শুকিয়ে যাই।
[12] কিন্তু তুমি, হে সদাপ্রভু, চিরকাল সিংহাসনে অধিষ্ঠিত; তোমার সুখ্যাতি বংশের পর বংশ স্থায়ী।
[13] তুমি জাগ্রত হবে আর জেরুশালেমের প্রতি করুণা করবে, কারণ এখন তার প্রতি অনুগ্রহ দেখানোর সময়; নির্ধারিত সময় উপস্থিত হয়েছে।
[14] কারণ তোমার সেবকেরা তার প্রাচীরের প্রত্যেক পাথর ভালোবাসে; এমনকি তার ধুলোর প্রতি যত্ন করে।
[15] সমস্ত জাতি সদাপ্রভুর নামে সম্ভ্রম করে, জগতের সব রাজাগণ তোমার মহিমায় গভীর শ্রদ্ধা করবে।
[16] কারণ সদাপ্রভু পুনরায় জেরুশালেম নির্মাণ করবেন এবং তাঁর মহিমায় আবির্ভূত হবেন।
[17] যে নিঃস্ব তার প্রার্থনায় সদাপ্রভু উত্তর দেবেন; তাদের নিবেদন তিনি অবজ্ঞা করবেন না।
[18] ভবিষ্যতের প্রজন্মের জন্য এসব লেখা হোক, যারা সৃষ্ট হবে তারা সদাপ্রভুর প্রশংসা করবে:
[19] “সদাপ্রভু উচ্চ পবিত্রস্থান থেকে নিচে দেখলেন, স্বর্গ থেকে তিনি জগতের প্রতি দৃষ্টিপাত করলেন,
[20] বন্দিদের আর্তনাদ শোনার জন্য, আর যারা মৃত্যুদণ্ডে দণ্ডিত তাদের মুক্ত করার জন্য।”
[21] তাই সদাপ্রভুর নাম সিয়োনে এবং তাঁর প্রশংসা জেরুশালেমে প্রচার করা হবে,
[22] যখন সব লোকেরা আর সকল দেশ সদাপ্রভুর আরাধনা করতে একত্রিত হয়।
[23] জীবনে চলার পথে তিনি আমার শক্তি ভঙ্গ করেছেন; তিনি আমার আয়ু কমিয়েছেন।
[24] তাই আমি বলেছি: “হে ঈশ্বর, আমার যৌবনকালে আমাকে তুলে নিয়ো না; তোমার বছর সকল বংশের পর বংশ স্থায়ী।
[25] আদিতে তুমি এই জগতের ভিত্তি স্থাপন করেছ, এবং আকাশমণ্ডল তোমার হাতের কাজ।
[26] সেইসব বিনষ্ট হবে, কিন্তু তুমি স্থায়ী হবে; ছেঁড়া কাপড়ের মতো সেইসব শেষ হয়ে যাবে। পোশাকের মতো তুমি তাদের পরিবর্তন করবে আর তাদের পরিত্যাগ করা হবে।
[27] কিন্তু তোমার পরিবর্তন নেই, আর তোমার বছর কখনও শেষ হবে না।
[28] তোমার দাসদের সন্তানসন্ততিরা তোমার সান্নিধ্যে বাস করবে; তাদের বংশধরেরা তোমার সম্মুখে প্রতিষ্ঠিত হবে।”