[1] হে ঈশ্বর, আমার প্রতি কৃপা করো, কারণ আমার শত্রুরা আমার পশ্চাদ্ধাবন করে; সারাদিন তারা তাদের আক্রমণ চালিয়ে যায়।
[2] আমার প্রতিপক্ষরা সারাদিন আমাকে অনুসরণ করে; তাদের অহংকারে অনেকে আমাকে আক্রমণ করছে।
[3] যখন আমি ভীত, আমি তোমার উপর আস্থা রাখি।
[4] ঈশ্বরে, আমি যার বাক্যের প্রশংসা করি— আমি ঈশ্বরে আস্থা রাখি এবং ভীত হই না। সামান্য মানুষ আমার কী করতে পারে?
[5] সারাদিন তারা আমার কথা বিকৃত করে; তাদের সমস্ত পরিকল্পনা আমার ধ্বংসের উদ্দেশে।
[6] তারা ষড়যন্ত্র করে, তারা ওৎ পেতে থাকে, আমার জীবন নেওয়ার জন্য, তারা আমার পদক্ষেপের উপর লক্ষ্য রাখে।
[7] তাদের দুষ্টতার কারণে তাদের পালাতে দিয়ো না; হে ঈশ্বর, তোমার ক্রোধে, এদের সকলকে নিপাত করো।
[8] আমার দুর্দশা তোমার লিপিতে লিখে রাখো; তোমার পুঁথিতে আমার চোখের জলের হিসাব রাখো— তা কি তোমার লিপিতে লেখা নেই?
[9] যখন আমি তোমার কাছে সাহায্যের প্রার্থনা করব তখন আমার শত্রুরা পিছু ফিরবে। এতে আমি জানব যে ঈশ্বর আমার পক্ষে আছেন।
[10] ঈশ্বরে, আমি যার বাক্যের প্রশংসা করি, সদাপ্রভুতে, আমি যার বাক্যের প্রশংসা করি—
[11] ঈশ্বরে আমি আস্থা রাখি আর ভীত হই না। মানুষ আমার কী করতে পারে?
[12] হে ঈশ্বর, তোমার প্রতি আমার শপথ পূর্ণ করতে আমি বাধ্য; আমি তোমার কাছে ধন্যবাদের নৈবেদ্য নিবেদন করব।
[13] কারণ মৃত্যুর কবল থেকে তুমি আমাকে উদ্ধার করেছ এবং হোঁচট খাওয়া থেকে আমার পা সাবধানে রেখেছ, যেন জীবনের আলোতে আমি ঈশ্বরের সম্মুখে চলতে পারি।