Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:42

[1] সদাপ্রভুর প্রশংসা করো। ধন্য সেই ব্যক্তি, যে সদাপ্রভুকে সম্ভ্রম করে, যে তাঁর আজ্ঞা পালনে মহা আনন্দ পায়।

[2] তাদের সন্তানসন্ততিরা এ জগতে শক্তিশালী হবে, ন্যায়পরায়ণদের প্রজন্ম ধন্য হবে।

[3] ধনসম্পদ ও ঐশ্বর্য তার গৃহে আছে, এবং তার ধার্মিকতা চিরকাল স্থায়ী হয়।

[4] ন্যায়পরায়ণের জন্য অন্ধকারের মাঝে আলোর উদয় হয়, সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক।

[5] যে উদার ও মুক্তহস্তে দান করে, তার মঙ্গল হবে, সে নিজের বিষয় সকল ন্যায়ের সঙ্গে নিষ্পত্তি করে।

[6] নিশ্চয় ধার্মিক কখনও বিচলিত হবে না; কিন্তু তাদের চিরকাল মনে রাখা হবে।

[7] অশুভ সংবাদে সে ভয় করবে না; তার হৃদয় অবিচল, সদাপ্রভুতে আস্থা রাখে।

[8] তার হৃদয় সুস্থির, তার কোনো ভয় থাকবে না; অবশেষে সে বিজয়ীর মতো তার শত্রুদের দিকে তাকাবে।

[9] সে অবাধে দরিদ্রদের মাঝে দান বিতরণ করেছে, তার ধার্মিকতা চিরস্থায়ী; তার শিং গৌরবে উন্নত হবে।

[10] দুষ্টলোক এসব দেখবে আর উত্ত্যক্ত হবে, সে ক্রোধে দাঁতে দাঁত ঘষবে আর নিঃশেষ হবে; দুষ্টদের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে।

গীত — Chapters