[1] মূর্খ নিজের হৃদয়ে বলে, “ঈশ্বর নেই।” তারা দুর্নীতিগ্রস্ত, তাদের সকল কাজ অধর্ম; সৎকর্ম করে এমন কেউই নেই।
[2] সদাপ্রভু স্বর্গ থেকে চেয়ে দেখেন মানবজাতির দিকে দেখার জন্য যে, এমন কেউ আছে কি না, যে বোঝে, এমন কেউ যে ঈশ্বরের অন্বেষণ করে।
[3] সকলেই বিপথগামী হয়েছে, সকলেই দুর্নীতিগ্রস্ত হয়েছে; সৎকর্ম করে এমন কেউ নেই, একজনও নেই।
[4] যারা অনিষ্টকারী তারা কি কিছুই জানে না? রুটির মতো তারা আমার লোকেদের গ্রাস করে; সদাপ্রভুর কাছে তারা সাহায্য প্রার্থনা করে না।
[5] নিদারুণ আতঙ্কে তারা বিহ্বল হয়েছে, কারণ ঈশ্বর ধার্মিকদের সভায় উপস্থিত থাকেন।
[6] তোমরা অনিষ্টকারীরা অসহায়দের প্রচেষ্টা ব্যর্থ করো, কিন্তু সদাপ্রভু তাদের আশ্রয়।
[7] ইস্রায়েলকে পরিত্রাণ দিতে কে সিয়োন থেকে আসবে! যখন সদাপ্রভু তাঁর প্রজাদের ফিরিয়ে আনবেন, যাকোব উল্লাসিত এবং ইস্রায়েল আনন্দিত হোক।