[1] হে সদাপ্রভু, আমাকে নির্দোষ মান্য করো, কারণ আমি নির্দোষ জীবনযাপন করেছি; আমি সদাপ্রভুতে আস্থা রেখেছি এবং বিপথে যাইনি।
[2] হে সদাপ্রভু, আমাকে পরখ করো ও যাচাই করো, আমার হৃদয় ও মন পরীক্ষা করো;
[3] কেননা তোমার চিরস্থায়ী প্রেমে আমি সর্বদা মনযোগী এবং তোমার বিশ্বস্ততায় নির্ভর করে বেঁচে রয়েছি।
[4] আমি প্রতারকদের সঙ্গে বসি না, ভণ্ডদের সঙ্গে আমি পথ চলি না।
[5] অনিষ্টকারীদের সমাবেশ আমি ঘৃণা করি এবং দুষ্টদের সাথে বসতে অস্বীকার করি।
[6] আমি নির্দোষিতায় আমার হাত পরিষ্কার করি, এবং তোমার যজ্ঞবেদিতে আসি, হে সদাপ্রভু,
[7] উচ্চস্বরে তোমার প্রশংসা করি এবং তোমার অপূর্ব কীর্তিকাহিনী ঘোষণা করি।
[8] হে সদাপ্রভু, আমি তোমার পবিত্রস্থান আর যেখানে তোমার মহিমা বিরাজ করে, সেই স্থান, ভালোবাসি।
[9] পাপীদের সাথে তুমি আমার প্রাণ নিয়ো না, হত্যাকারীদের সাথে আমার জীবন নিয়ো না,
[10] তাদের হাতে আছে দুষ্কর্মের ফন্দি, তাদের ডান হাত ঘুষে পরিপূর্ণ।
[11] আমি নির্দোষ জীবনযাপন করি; আমাকে রক্ষা করো ও আমার প্রতি দয়া করো।
[12] আমার পা সমতল জমিতে দাঁড়িয়ে আছে, এবং মহাসমাবেশে আমি সদাপ্রভুর প্রশংসা করব।