[1] হে ঈশ্বর, তুমি নীরব থেকো না; আমার প্রতি বধির হোয়ো না, হে ঈশ্বর, তুমি আমার থেকে দূরে দাঁড়িয়ে থেকো না।
[2] দেখো, আমার শত্রুরা কেমন গর্জন করে, দেখো, আমার বিপক্ষরা কেমন তাদের মাথা তোলে।
[3] তারা ধূর্ততায় তোমার লোকেদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে; তারা তোমার প্রিয়জনদের বিরুদ্ধে চক্রান্ত করে।
[4] “এসো,” তারা বলে, “আমরা তাদের সম্পূর্ণ ধ্বংস করি, আর যেন ইস্রায়েলের নাম মনে না রাখা হয়।”
[5] তারা এক মনে চক্রান্ত করে; তোমার বিরুদ্ধে তারা একজোট গঠন করে—
[6] ইদোমের তাঁবুসকল আর ইশ্মায়েলীয়গণ, মোয়াব আর হাগরীয়গণ,
[7] বিব্লীয়, অম্মোন আর অমালেকীয়গণ, সোরের বাসিন্দাদের সঙ্গে, ফিলিস্তিয়া।
[8] এমনকি আসিরিয়া তাদের সঙ্গে একজোট হয়েছে আর লোটের উত্তরপুরুষদের সঙ্গে একজোট হয়েছে।
[9] তাদের বিরুদ্ধে সেইরূপ করো যেমন মিদিয়নদের প্রতি করেছিলে, কীশোন নদীতে যেমন সীষরা আর যাবীনের প্রতি করেছিলে,
[10] ঐনদোরে যারা বিনষ্ট হয়েছিল আর মাটিতে পরে থাকা আবর্জনার মতো হয়েছিল।
[11] বিশিষ্ট ব্যক্তিরা ওরেব ও সেবের মতো আর তাদের অধিপতিগণেরা সেবহ ও সল্মুন্নার মতো মরে যাক,
[12] কেননা তারা বলেছিল, “এসো, আমরা ঈশ্বরের চারণভূমি অধিকার করি।”
[13] হে ঈশ্বর, তাদের ঘূর্ণমান ধুলোর মতো করো, বাতাসের সামনে তুষের মতো।
[14] আগুন যেমন জঙ্গল গ্রাস করে অথবা আগুনের শিখা যা পর্বতসকল জ্বালিয়ে দেয়,
[15] সেইরকম তোমার প্রচণ্ড ঝড়ে তাদের তাড়া করো আর তোমার ঝড়ে তাদের আতঙ্কিত করো।
[16] হে সদাপ্রভু, তাদের মুখ লজ্জায় ঢেকে দাও, যেন তারা তোমার নাম অন্বেষণ করে।
[17] তারা চিরকাল যেন লজ্জিত আর আতঙ্কিত হয়; তারা যেন অপমানে বিনষ্ট হয়।
[18] তারা জানুক যে একমাত্র তোমারই নাম সদাপ্রভু, আর একমাত্র তুমিই সারা জগতের উপর পরাৎপর।