[1] হে ঈশ্বর, আমার প্রার্থনা শোনো, আমার নিবেদন উপেক্ষা কোরো না;
[2] আমার কথা শোনো আর আমাকে উত্তর দাও। আমার ভাবনা আমাকে কষ্ট দেয় আর আমি ক্ষিপ্ত।
[3] আমার শত্রুরা আমার প্রতি চিৎকার করে, উচ্চস্বরে অন্যায় হুমকি দেয়। তারা আমার উপর কষ্ট নিয়ে আসে আর রাগে আমার পশ্চাদ্ধাবন করে।
[4] আমার হৃদয় দুঃখে জর্জরিত; মৃত্যুর সন্ত্রাস আমার উপর এসে পড়েছে।
[5] ভয় আর কাঁপুনি আমাকে আচ্ছন্ন করেছে; আতঙ্ক আমাকে অভিভূত করেছে।
[6] আমি বলি, “হ্যাঁ! যদি আমার ঘুঘুর মতো ডানা থাকত! আমি উড়ে চলে যেতাম আর বিশ্রাম পেতাম।
[7] আমি দূরে চলে যেতাম আর মরুভূমিতে বাস করতাম।
[8] প্রচণ্ড বায়ু আর ঝড় থেকে, আমার আশ্রয়স্থানে তাড়াহুড়োতে চলে যেতাম।”
[9] হে সদাপ্রভু, দুষ্টদের বিহ্বল করো, তাদের বাক্য হতবুদ্ধি করো, কেননা আমি নগরে হিংসা আর শত্রুতা দেখি।
[10] দিনে ও রাতে তারা প্রাচীরের উপর দিয়ে নগর প্রদক্ষিণ করে; আক্রোশ আর অবমাননা তার মধ্যে।
[11] বিধ্বংসী শক্তি নগরের মধ্যে কাজ করে চলেছে; হুমকি আর মিথ্যা কখনও তার রাস্তা ছেড়ে যায় না।
[12] যদি কোনো শত্রু আমাকে অপমান করত, তা আমি সহ্য করতে পারতাম; যদি কোনো বিপক্ষ আমার বিরোধিতা করত, আমি তা লুকাতে পারতাম;
[13] কিন্তু এতো তুমিই, আমার সমকক্ষ মানুষ, আমার সঙ্গী, আমার ঘনিষ্ঠ বন্ধু,
[14] যার সঙ্গে, ঈশ্বরের গৃহে, একদিন আমি মধুর সহভাগিতা উপভোগ করেছি, সকল উপাসকের মধ্যে আমরা হেঁটে বেড়িয়েছি।
[15] মৃত্যু আমার শত্রুদের বিস্মিত করুক; তারা জীবিত অবস্থায় পাতালের গর্ভে নেমে যাক, কারণ অন্যায় তাদের গৃহে ও তাদের অন্তরে আছে।
[16] কিন্তু আমি ঈশ্বরকে ডাকব, এবং সদাপ্রভু আমাকে রক্ষা করেন।
[17] সন্ধ্যা, সকাল আর দুপুরে, আমি আমার যন্ত্রণায় কাঁদি, আর তিনি আমার কণ্ঠস্বর শোনেন।
[18] আমার বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে তা থেকে তিনি আমাকে অক্ষত অবস্থায় মুক্ত করেন, যদিও অনেকে এখনও আমার বিরোধিতা করে।
[19] ঈশ্বর, যিনি পূর্বকাল থেকে শাসন করেন, যার কোনো পরিবর্তন নেই, তিনি তাদের কথা শুনবেন আর তাদের নম্র করবেন, কারণ তাদের ঈশ্বরভয় নেই।
[20] আমার সঙ্গী তার বন্ধুদের আক্রমণ করে; সে তার নিয়ম ভঙ্গ করে।
[21] মাখনের মতো তার কথা মসৃণ, কিন্তু তার হৃদয়ে রয়েছে যুদ্ধ; তার কথা তেলের চেয়েও মনোরম, কিন্তু সে সকল উন্মুক্ত তরোয়ালের মতো।
[22] সদাপ্রভুতে নিজের ভার অর্পণ করো আর তিনি তোমাকে বাঁচিয়ে রাখবেন; তিনি কখনও ধার্মিকদের বিচলিত হতে দেবেন না।
[23] কিন্তু তুমি, হে ঈশ্বর, দুষ্টদের পতনের গর্তে নামিয়ে দেবে; যারা রক্তপিপাসু আর প্রতারক জীবনের অর্ধেক দিনও তারা বাঁচবে না। কিন্তু আমি তোমাতে আস্থা রাখি।