Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:39

[1] আমি সদাপ্রভুকে ভালোবাসি, কারণ তিনি আমার কণ্ঠস্বর শুনেছেন; তিনি আমার বিনতি প্রার্থনা শুনেছেন।

[2] তিনি আমার প্রতি কর্ণপাত করেছেন, সেই কারণে আমি সারা জীবন তাঁর কাছে প্রার্থনা করব।

[3] মৃত্যুর দড়ি আমাকে বেঁধে ফেলেছিল, পাতালের যন্ত্রণা আমার উপর নেমে এলো, দুর্দশায় ও দুঃখে আমি জর্জরিত হয়েছিলাম।

[4] তখন আমি সদাপ্রভুর নামে ডাকলাম: “হে সদাপ্রভু, আমাকে রক্ষা করো!”

[5] সদাপ্রভু কৃপাবান ও ধর্মময়, আমাদের ঈশ্বর করুণায় পূর্ণ।

[6] যারা সরলচিত্ত, সদাপ্রভু তাদের রক্ষা করেন; গভীর সংকটকালে তিনি আমাকে রক্ষা করেছিলেন।

[7] হে আমার প্রাণ, তুমি বিশ্রামে ফিরে যাও, কারণ সদাপ্রভু তোমার প্রতি মঙ্গল করেছেন।

[8] কারণ তুমি, হে সদাপ্রভু, মৃত্যু থেকে আমাকে উদ্ধার করেছ, চোখের জল থেকে আমার চোখ, পতন থেকে আমার পা, উদ্ধার করেছ,

[9] যেন আমি জীবিতদের দেশে সদাপ্রভুর সম্মুখে গমনাগমন করি।

[10] আমি তোমাকে বিশ্বাস করেছিলাম যখন আমি বলেছিলাম, “হে সদাপ্রভু, আমি অত্যন্ত পীড়িত”

[11] উদ্বেগে আমি বলেছিলাম, “সকলেই মিথ্যাবাদী।”

[12] আমি সদাপ্রভুর কাছ থেকে যে সকল মঙ্গল পেয়েছি তার প্রতিদানে তাঁকে কী ফিরিয়ে দেবো?

[13] আমি পরিত্রাণের পাত্রখানি তুলে নেবো আর সদাপ্রভুর নামে ডাকব।

[14] সদাপ্রভুর সব লোকের সমাবেশে তাঁর প্রতি আমার শপথ আমি পূর্ণ করব।

[15] সদাপ্রভুর বিশ্বস্ত সেবাকারীদের মৃত্যু তাঁর চোখে বহুমূল্য।

[16] সত্যিই আমি তোমার দাস, হে সদাপ্রভু; যেমন আমার মা করেছিলেন, আমি তোমার সেবা করব; আমার শিকল থেকে তুমি আমাকে মুক্ত করেছ।

[17] আমি তোমার উদ্দেশে ধন্যবাদের নৈবেদ্য নিবেদন করব, আর সদাপ্রভুর নামে ডাকব।

[18] সদাপ্রভুর সব লোকের সমাবেশে তাঁর প্রতি আমার শপথ আমি পূর্ণ করব,

[19] সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে করব— হে জেরুশালেম, তোমারই মাঝে। সদাপ্রভুর প্রশংসা করো।

গীত — Chapters