[1] হে ঈশ্বর, আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার প্রশংসা করি, কারণ তুমি নিকটবর্তী; লোকেরা তোমার আশ্চর্য ক্রিয়াকলাপ বর্ণনা করে।
[2] ঈশ্বর বলেন, “আমার নির্ধারিত সময়ে দুষ্টদের বিরুদ্ধে আমি ন্যায়বিচার করব।
[3] যখন পৃথিবী কাঁপে এবং সব মানুষ অশান্তিতে বাঁচে, আমি তার সকল স্তম্ভ সুদৃঢ় রাখি।
[4] আমি দাম্ভিককে সতর্ক করি, ‘অহংকার কোরো না,’ দুষ্টকে বলি, ‘তোমার শিং উঁচু কোরো না।
[5] স্বর্গের বিরুদ্ধে তোমার শিং উঁচু কোরো না; এত উদ্ধত ভাবে কথা বোলো না।’ ”
[6] কেউ, পূর্ব বা পশ্চিম থেকে, অথবা মরুভূমি থেকে, নিজেকে উন্নত করতে পারে না।
[7] ঈশ্বর একমাত্র বিচার করেন: তিনি কাউকে নত করেন বা কাউকে উন্নীত করেন।
[8] সদাপ্রভুর হাতে এক পানপাত্র আছে, যা মশলা মিশ্রিত ফেনিয়ে ওঠা সুরাতে পূর্ণ; তিনি তা ঢেলে দেন, আর পৃথিবীর সমস্ত দুষ্টলোক পাত্রের তলানি পর্যন্ত পান করে।
[9] কিন্তু আমি একথা চিরকাল ঘোষণা করে যাব; যাকোবের ঈশ্বরের উদ্দেশে স্তুতিগান করব।
[10] কারণ ঈশ্বর বলেন, “আমি সকল দুষ্টদের শক্তি চূর্ণ করব, কিন্তু আমি ধার্মিকদের শক্তিবৃদ্ধি করব।”