Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:09

[1] দুষ্টদের অপরাধ সম্পর্কে আমার হৃদয়ে ঈশ্বরের কাছ থেকে একটি সংবাদ আছে: তাদের চোখে ঈশ্বরভয় নেই।

[2] তারা নিজেদের দৃষ্টিতে নিজেদের তোষামোদ করে, ভাবে যে তাদের অপরাধ ধরা পড়বে না বা নিন্দিত হবে না।

[3] তাদের মুখের কথা দুষ্টতা ও ছলনায় ভরা, তারা জ্ঞান ও সদাচরণ ত্যাগ করেছে।

[4] এমনকি তাদের বিছানায় শুয়েও তারা মন্দ পরিকল্পনা করে, অসৎ পথে তারা নিজেদের চালনা করে এবং যা মন্দ তা পরিত্যাগ করে না।

[5] হে সদাপ্রভু, তোমার প্রেম আকাশচুম্বী, তোমার বিশ্বস্ততা গগনস্পর্শী।

[6] তোমার ধার্মিকতা মহান পর্বতের তুল্য, তোমার ন্যায়বিচার অতল জলধির মতো। তুমি, হে সদাপ্রভু, মানুষ ও প্রাণী বাঁচিয়ে রাখো।

[7] হে ঈশ্বর, তোমার অবিচল প্রেম কত অমূল্য! মানুষ তোমার ডানার ছায়ায় আশ্রয় নেয়।

[8] তোমার গৃহের প্রাচুর্যে তারা পরিতৃপ্ত হয়, তোমার আনন্দ-নদীর জল তুমি তাদের পান করিয়ে থাকো।

[9] কারণ তোমাতেই আছে জীবনের উৎস, তোমার আলোতে আমরা আলো দেখি।

[10] যারা তোমাকে জানে, তাদের প্রতি তোমার প্রেম, এবং ন্যায়পরায়ণদের প্রতি তোমার ধর্মশীলতা, স্থায়ী করো।

[11] অহংকারীর চরণ যেন আমার বিরুদ্ধে না আসে, দুষ্টদের হাত যেন আমাকে বিতাড়িত না করে।

[12] দেখো, অনিষ্টকারীদের দল লুটিয়ে পড়েছে ভূমিতে পতিত হয়েছে, তাদের উঠে দাঁড়ানোর শক্তি নেই।

গীত — Chapters