[1] আমি তোমার প্রেম ও ন্যায়পরায়ণতার সম্পর্কে গাইব; তোমার প্রতি, হে সদাপ্রভু, আমি স্তবগান করব।
[2] সতর্ক হয়ে আমি নির্দোষ জীবন কাটাব— কখন তুমি আমার কাছে আসবে? আমি নিজের গৃহে সততার সঙ্গে জীবন কাটাব।
[3] যা কিছু জঘন্য ও কুরুচিপূর্ণ তা দেখতে আমি অস্বীকার করব। আমি ভ্রষ্টাচারীদের কার্যসকল ঘৃণা করি; তাদের সঙ্গে আমি কোনো সম্বন্ধ রাখব না।
[4] যে হৃদয়ে বিকৃত সে আমার থেকে দূরে থাকবে; আমি সমস্ত প্রকার মন্দ থেকে দূরে থাকব।
[5] যে কেউ গোপনে প্রতিবেশীর অপবাদ করে, আমি তাকে উচ্ছেদ করব; যার দৃষ্টি উদ্ধত ও হৃদয়ে অহংকারী, আমি তাকে সহ্য করব না।
[6] দেশের বিশ্বস্তদের প্রতি আমার দৃষ্টি থাকবে, যেন তারা আমার সঙ্গে বাস করতে পারে; যে সিদ্ধ পথে চলে সে আমার পরিচর্যা করবে।
[7] যারা প্রতারক তারা কেউ আমার গৃহে বাস করবে না; যারা মিথ্যা কথা বলে তারা আমার সম্মুখে দাঁড়াবে না।
[8] প্রত্যেক সকালে, দেশের সব দুষ্টদের আমি নাশ করব; সদাপ্রভুর নগর থেকে আমি সব অনিষ্টকারীদের উচ্ছেদ করব।