[1] নিশ্চয়, ঈশ্বর ইস্রায়েলের প্রতি উত্তম, যারা হৃদয়ে শুদ্ধ তাদের প্রতি।
[2] কিন্তু আমার পা প্রায় পিছলে গিয়েছিল; আমার পা রাখার জায়গা আমি প্রায় হারিয়েছিলাম।
[3] আমি যখন দুষ্টদের সমৃদ্ধি দেখলাম, তখন দাম্ভিকের প্রতি ঈর্ষা করলাম।
[4] তাদের জীবনে কোনো কষ্ট নেই; তাদের শরীর সুস্থ আর শক্তিশালী।
[5] মানুষের সাধারণ বোঝা থেকে তারা মুক্ত; সকলের সমস্যার মতো তারা জর্জরিত হয় না।
[6] সেইজন্য অহংকার তাদের গলার হার; তারা হিংসায় নিজেদের আবৃত করে।
[7] তাদের অনুভূতিহীন হৃদয় থেকে অন্যায় আসে; তাদের দুষ্ট কল্পনার কোনো সীমা নেই।
[8] তারা উপহাস করে, আক্রোশে কথা বলে; দাম্ভিকতায় তারা অত্যাচারের হুমকি দেয়।
[9] তাদের মুখ স্বর্গের বিরুদ্ধে গর্ব করে, আর তাদের জিভ জগতের অধিকার নেয়।
[10] সেইজন্য তাদের লোকসকল তাদের দিকে ফেরে আর প্রচুর জলপান করে।
[11] তারা বলে, “ঈশ্বর কীভাবে জানবে? পরাৎপর কী কিছু জানে?”
[12] দুষ্ট লোকেদের দিকে দেখো— সর্বদা তারা আরামে জীবনযাপন করে আর তাদের ধনসম্পত্তি বৃদ্ধি পায়।
[13] বৃথাই আমি আমার হৃদয় শুদ্ধ রেখেছি আর সরলতায় আমার হাত পরিষ্কার করেছি।
[14] সারাদিন ধরে আমি পীড়িত হয়েছি, আর প্রত্যেক সকাল নতুন শাস্তি নিয়ে এসেছে।
[15] যদি আমি এভাবে অপরদের প্রতি কথা বলতাম, তোমার ছেলেমেয়েদের প্রতি আমি বিশ্বাসঘাতকতা করতাম।
[16] যখন আমি এসব বুঝতে চেষ্টা করলাম, তা আমাকে গভীর কষ্ট দিল
[17] যতক্ষণ না পর্যন্ত আমি ঈশ্বরের পবিত্রস্থানে প্রবেশ করলাম; তখন আমি তাদের শেষ পরিণতি বুঝতে পারলাম।
[18] নিশ্চয় তুমি তাদের পিচ্ছিল জমিতে রেখেছ; তুমি তাদের বিনাশের উদ্দেশে নিক্ষেপ করেছ।
[19] হঠাৎ তারা ধ্বংস হয়, সন্ত্রাসে সম্পূর্ণ ধুয়ে মুছে যায়!
[20] ঘুম ভাঙলে যেমন স্বপ্ন তুচ্ছ হয়; তেমনি, হে প্রভু, তুমি জেগে উঠলে তাদের কল্পনাকে তুচ্ছ করবে।
[21] যখন আমার হৃদয় ক্ষুণ্ণ হয়েছিল আর আমার আত্মা তিক্ত হয়েছিল,
[22] আমি অচেতন আর অজ্ঞ ছিলাম; তোমার সম্মুখে আমি নিষ্ঠুর বন্যপশু ছিলাম।
[23] তবুও আমি সর্বদা তোমার সঙ্গে আছি; তুমি আমার ডান হাত ধরে রেখেছ।
[24] তোমার উপদেশে তুমি আমাকে পথ দেখাবে, এবং অবশেষে আমাকে মহিমায় নিয়ে যাবে।
[25] তুমি ছাড়া স্বর্গে আমার আর কে আছে? তুমি ছাড়া জগতে আর কিছুই আমি কামনা করি না।
[26] আমার মাংস আর আমার দেহ ব্যর্থ হতে পারে, কিন্তু ঈশ্বর আমার হৃদয়ের শক্তি আর আমার চিরকালের উত্তরাধিকার।
[27] যারা তোমার থেকে দূরে তারা বিনষ্ট হবে; যারা তোমার প্রতি অবিশ্বস্ত তাদের সকলকে তুমি ধ্বংস করবে।
[28] কিন্তু ঈশ্বরের কাছে থাকা আমার জন্য উত্তম। সার্বভৌম সদাপ্রভুকে আমি আমার আশ্রয় করেছি; আমি তোমার সমস্ত কাজ প্রচার করব।