Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:25

[1] হে ঈশ্বর, তুমি আমাদের পরিত্যাগ করেছ আর আমাদের প্রতিরক্ষা ভগ্ন করেছ; তুমি ক্রুদ্ধ হয়েছ—এবার আমাদের পুনরুদ্ধার করো!

[2] তুমি আমাদের দেশ ঝাঁকিয়ে তুলেছ এবং বিদীর্ণ করেছ, দেশের ভাঙন প্রতিকার করো কারণ দেশ কাঁপছে।

[3] তুমি তোমার প্রজাদের দুর্দশার সময় দেখিয়েছ, তুমি আমাদের এমন সুরা দিয়েছ যাতে আমরা টলমল হয়েছি।

[4] কিন্তু যারা তোমাকে সম্ভ্রম করে, তুমি তাদের জন্য একটি পতাকা তুলেছ, যেন তা সত্যের পক্ষে তুলে ধরা যায়।

[5] তোমার ডান হাত দিয়ে তুমি আমাদের রক্ষা করো ও সাহায্য করো, যেন তারা উদ্ধার পায় যাদের তুমি ভালোবাসো।

[6] ঈশ্বর তাঁর পবিত্রস্থান থেকে বলেন: “জয়ধ্বনিতে আমি শিখিম বিভক্ত করব, সুক্কোতের উপত্যকা আমি পরিমাপ করে দেব।

[7] গিলিয়দ আমার, মনঃশিও আমার; ইফ্রয়িম আমার শিরস্ত্রাণ, যিহূদা আমার রাজদণ্ড।

[8] মোয়াব আমার হাত ধোয়ার পাত্র, ইদোমের উপরে আমি আমার চটি নিক্ষেপ করব; ফিলিস্তিয়ার উপরে আমি জয়ধ্বনি করব।”

[9] কে আমাকে সুরক্ষিত নগরের মধ্যে নিয়ে যাবে? কে ইদোম পর্যন্ত আমাকে পথ দেখাবে?

[10] হে ঈশ্বর, তুমি কি এখন আমাদের ত্যাগ করেছ? এবং আমাদের সৈন্যদলের সাথে আর যাবে না?

[11] আমাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করো, কারণ মানুষের সাহায্য নিষ্ফল।

[12] ঈশ্বরের সাথে আমরা জয়লাভ করব, এবং তিনি আমাদের শত্রুদের পদদলিত করবেন।

গীত — Chapters