Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:25

[1] আমাদের ঈশ্বরের নগরীতে এবং তাঁর পবিত্র পর্বতে, সদাপ্রভু মহান, আর তিনি সর্বোচ্চ প্রশংসার যোগ্য।

[2] কী সুন্দর সেই উচ্চভূমি, যা সারা পৃথিবীর আনন্দস্থল, সাফোনের উচ্চতার মতো সিয়োন পর্বত, যা মহান রাজার নগরী।

[3] ঈশ্বর, সেই নগরীর অট্টালিকা সমূহের মধ্যে উচ্চদুর্গ বলে নিজেকে প্রকাশ করেছেন।

[4] পৃথিবীর রাজারা দলে দলে যোগ দিয়েছে এবং নগরীর বিরুদ্ধে অভিযান করেছে।

[5] কিন্তু তারা যখন তাকে দেখেছে, তারা বিস্মিত হয়েছে, আতঙ্কিত হয়েছে আর পালিয়ে গেছে।

[6] আতঙ্ক তাদের সেখানে গ্রাস করেছিল, এবং প্রসববেদনায় ক্লিষ্ট মহিলার মতো যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিল।

[7] পূবের বাতাসে চূর্ণবিচূর্ণ হওয়া তর্শীশের জাহাজের মতো তুমি তাদের ধ্বংস করেছিলে।

[8] আমরা যেমন শুনেছি, সর্বশক্তিমান সদাপ্রভুর নগরীতে, আমাদের ঈশ্বরের নগরীতে তেমন দেখেছি: ঈশ্বর চিরকাল তাকে সুরক্ষিত রাখেন।

[9] তোমার মন্দিরে, হে ঈশ্বর, আমরা তোমার অবিচল প্রেমে ধ্যান করি।

[10] তোমার নামের মতো, হে ঈশ্বর, তোমার প্রশংসা পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছায়; তোমার শক্তিশালী ডান হাত ধার্মিকতায় পূর্ণ।

[11] তোমার ন্যায়বিচারে, সিয়োন পর্বত উল্লাস করে, যিহূদার সকল গ্রাম আনন্দিত হয়।

[12] যাও, জেরুশালেম নগরী পরিদর্শন করো, তার দুর্গসকল গণনা করো;

[13] তার দৃঢ় প্রাচীর লক্ষ্য করো, তার অট্টালিকা সকল দেখো, যেন তুমি আগামী প্রজন্মের কাছে এই সবের বর্ণনা করতে পারো।

[14] কারণ এই ঈশ্বর অনন্তকাল ধরে আমাদের ঈশ্বর; তিনি শেষ পর্যন্ত আমাদের পথপ্রদর্শক হবেন।

গীত — Chapters