Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:18

[1] হে সদাপ্রভু, তোমার পরাক্রমে রাজা উল্লাস করে, সে আনন্দে চিৎকার করে কারণ তুমি তাকে বিজয়ী করেছ।

[2] তুমি তার মনোবাসনা পূর্ণ করেছ, এবং তার মুখের অনুরোধ অগ্রাহ্য করোনি।

[3] তুমি প্রচুর আশীর্বাদে তাকে অভিবাদন করতে এসেছ এবং তার মাথায় সোনার মুকুট পরিয়েছ।

[4] সে তোমার কাছে জীবন ভিক্ষা করেছে, আর তুমি তাকে তাই দিয়েছ, তাকে অনন্তকালস্থায়ী পরমায়ু দিয়েছ।

[5] তোমার দেওয়া বিজয়ে তার গৌরব বিপুল; তুমি তাকে মহিমা ও প্রতিপত্তিতে আবৃত করেছ।

[6] নিশ্চয় তুমি তাকে চিরস্থায়ী আশীর্বাদ দিয়েছ তোমার সান্নিধ্যের আনন্দ তাকে উল্লাসিত করেছে।

[7] কারণ রাজা সদাপ্রভুতে আস্থা রাখে; পরাৎপরের অবিচল প্রেমের গুণে তিনি বিচলিত হবেন না।

[8] তোমার হাত তোমার সকল শত্রুদের বন্দি করবে; তোমার ডান হাত তোমার সকল বিপক্ষদের দখল করবে।

[9] যখন যুদ্ধে তোমার আবির্ভাব হবে, তুমি জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো তাদের পুড়িয়ে দেবে। ক্রোধে সদাপ্রভু তাদের গ্রাস করবেন, আর তাঁর আগুন তাদের দগ্ধ করবে।

[10] তুমি তাদের বংশধরদের পৃথিবী থেকে ও মানবসমাজ থেকে তাদের উত্তরপুরুষদের ধ্বংস করবে।

[11] যদিও তারা তোমার বিরুদ্ধে দুষ্ট চক্রান্ত করে, এবং মন্দ পরিকল্পনা করে, তারা কখনই সফল হবে না।

[12] যখন তারা দেখবে যে তোমার ধনুক তাদের দিকে লক্ষ্য করে আছে তখন তারা পেছনে ফিরবে ও পালাবে।

[13] হে সদাপ্রভু, আপন পরাক্রমে মহিমান্বিত হও; আমরা তোমার শক্তির জয়গান ও প্রশংসা করব।

গীত — Chapters