[1] হে সদাপ্রভু, আমার কথা শোনো, আমার বিলাপে কর্ণপাত করো।
[2] আমার সাহায্যের আর্তনাদ শোনো, হে আমার রাজা আমার ঈশ্বর, তোমার কাছেই আমি প্রার্থনা করি।
[3] সকালে, হে সদাপ্রভু, তুমি আমার কণ্ঠস্বর শোনো; সকালে আমার প্রার্থনা আমি তোমার সামনে রাখি এবং আগ্রহভরে অপেক্ষা করি।
[4] কারণ তুমি এমন ঈশ্বর নও যে দুষ্টতায় সন্তুষ্ট হয়; কারণ তুমি দুষ্টদের পাপ সহ্য করতে পারো না।
[5] দাম্ভিকেরা তোমার সম্মুখে দাঁড়াতে পারে না। যারা অধর্ম করে তাদের তুমি ঘৃণা করো;
[6] মিথ্যাবাদীদের তুমি ধ্বংস করো। যারা রক্তপিপাসু ও ছলনাকারী তুমি, হে সদাপ্রভু, তাদের ঘৃণা করো।
[7] কিন্তু আমি, তোমার মহান প্রেমের গুণে, তোমার ভবনে প্রবেশ করতে পারি; তোমার পবিত্র মন্দিরের সম্মুখে শ্রদ্ধায় আমি নত হই।
[8] হে সদাপ্রভু, তোমার ধার্মিকতায় আমাকে চালনা করো, নতুবা আমার শত্রুগণ আমার উপরে জয়লাভ করবে। তোমার পথ আমার সম্মুখে সরল করো যেন অনুসরণ করতে পারি।
[9] তাদের মুখের কোনও কথাই বিশ্বাসের যোগ্য নয়; হিংসায় ওদের অন্তর পূর্ণ। তাদের কণ্ঠ অনাবৃত সমাধির মতো, তারা জিভ দিয়ে মিথ্যা কথা বলে।
[10] হে ঈশ্বর, তুমি ওদের অপরাধী ঘোষণা করো! ওদের চক্রান্ত ওদের পতন ডেকে আনুক। ওদের পাপের জন্য ওদের বিতাড়িত করো, কারণ তারা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
[11] কিন্তু যারা তোমাতে আশ্রয় নেয় তারা আনন্দ করুক; তারা চিরকাল আনন্দগান করুক। তোমার সুরক্ষা তাদের উপর বিছিয়ে দাও, যেন যারা তোমার নাম ভালোবাসে, তারা তোমাতে উল্লাস করে।
[12] নিশ্চয়, হে সদাপ্রভু, তুমি ধার্মিকদের আশীর্বাদ করো; সুরক্ষা ঢালের মতো তোমার অনুগ্রহ দিয়ে তাদের ঘিরে রাখো।