[1] যারা দুষ্ট তাদের দিকে তাকিয়ে বিচলিত হোয়ো না যারা মন্দ কাজ করে তাদের দেখে ঈর্ষা কোরো না;
[2] কারণ ঘাসের মতো তারা অচিরে শুকিয়ে যাবে, সবুজ লতার মতো তারা অচিরে বিনষ্ট হবে।
[3] সদাপ্রভুতে আস্থা রাখো আর সদাচরণ করো; এই দেশে বাস করো আর নিরাপদ আশ্রয় উপভোগ করো।
[4] সদাপ্রভুতে আনন্দ করো, তিনিই তোমার মনের অভিলাষ পূর্ণ করবেন।
[5] তোমার চলার পথ সদাপ্রভুতে সমর্পণ করো; তাঁর উপর নির্ভর করো আর তিনি এসব করবেন:
[6] তোমার ধার্মিকতার পুরস্কার প্রত্যুষের মতো, আর তোমার সততা মধ্যাহ্ন সূর্যের মতো উজ্জ্বল করবেন।
[7] সদাপ্রভুর সম্মুখে নীরব হও, ধৈর্য ধরে তাঁর প্রতীক্ষায় থাকো; যখন দুষ্ট ব্যক্তিরা তাদের জীবনে সফল হয়, যখন তারা তাদের মন্দ পরিকল্পনা কার্যকরী করে, তখন বিচলিত হোয়ো না।
[8] রাগ থেকে দূরে থাকো আর ক্রোধ থেকে মুখ ফেরাও; বিচলিত হোয়ো না, তা কেবল মন্দের দিকে নিয়ে যায়।
[9] কারণ যারা দুষ্ট তারা ধ্বংস হবে, কিন্তু যারা সদাপ্রভুতে আশা রাখে তারা দেশের অধিকারী হবে।
[10] আর কিছুকাল পরেই দুষ্টদের অস্তিত্ব লোপ পাবে; তুমি তাদের খোঁজ করতে পারো কিন্তু তাদের পাওয়া যাবে না।
[11] কিন্তু যারা নম্র তারা দেশের অধিকারী হবে, এবং শান্তি ও প্রাচুর্য উপভোগ করবে।
[12] যারা দুষ্ট তারা ধার্মিকদের বিরুদ্ধে চক্রান্ত করে আর তাদের প্রতি ক্রোধে দন্তঘর্ষণ করে;
[13] কিন্তু সদাপ্রভু দুষ্টদের দিকে তাকিয়ে হাসেন কারণ তিনি জানেন যে তাদের দিন ঘনিয়ে আসছে।
[14] দুষ্টেরা তরোয়াল বের করে, আর ধনুকে গুণ পরায় কারণ তারা দরিদ্র ও অভাবী মানুষদের বিনাশ করতে চায়, যারা ন্যায়পরায়ণ তাদের হত্যা করতে চায়।
[15] কিন্তু তাদের তরোয়ালগুলি তাদের নিজেদের হৃদয় বিদ্ধ করবে, আর তাদের ধনুকও চূর্ণ হবে।
[16] বহু দুষ্টের ঐশ্বর্যের চেয়ে ধার্মিকের সামান্য সম্বল শ্রেয়;
[17] কারণ দুষ্টদের ক্ষমতা চূর্ণ হবে, কিন্তু সদাপ্রভু ধার্মিকদের ধারণ করেন।
[18] দিনের পর দিন সদাপ্রভু নির্দোষদের রক্ষা করেন আর তারা এমন এক অধিকার পাবে যা চিরস্থায়ী হবে।
[19] সঙ্কটের সময়ে তারা শুকিয়ে যাবে না; দুর্ভিক্ষের দিনে তারা প্রাচুর্য উপভোগ করবে।
[20] কিন্তু দুষ্টরা বিনষ্ট হবে: যদিও সদাপ্রভুর শত্রুরা মাঠের ফুলের মতো, তাদের গ্রাস করা হবে, আর তারা ধোঁয়ার মতো মিলিয়ে যাবে।
[21] দুষ্টরা ঋণ নেয় কিন্তু পরিশোধ করে না, কিন্তু ধার্মিকেরা উদারতার সাথে দান করে;
[22] যাদের সদাপ্রভু আশীর্বাদ করেন তারা দেশের অধিকারী হবে, কিন্তু যাদের তিনি অভিশাপ দেন তারা ধ্বংস হবে।
[23] যে ব্যক্তি সদাপ্রভুতে আমোদ করে সদাপ্রভু তার পদক্ষেপ সুদৃঢ় করেন;
[24] হোঁচট খেলেও তার পতন হবে না, কারণ সদাপ্রভু তাকে স্বহস্তে ধরে রাখেন।
[25] আমি তরুণ ছিলাম এবং এখন প্রবীণ হয়েছি, কিন্তু আমি দেখিনি যে ধার্মিকদের পরিত্যাগ করা হয়েছে অথবা তাদের ছেলেমেয়েরা ভিক্ষা করছে।
[26] তারা সর্বদা উদার ও মুক্তহস্তে ঋণ দান করে, তাদের ছেলেমেয়েরা আশীর্বাদপ্রাপ্ত হয়।
[27] মন্দতা বর্জন করো আর সৎ কাজ করো; তাহলে চিরকাল তোমরা দেশে বসবাস করবে।
[28] কারণ সদাপ্রভু ন্যায়পরায়ণকে ভালোবাসেন আর তিনি তাঁর বিশ্বস্তজনদের পরিত্যাগ করবেন না। অন্যায়কারীদের তিনি সম্পূর্ণ ধ্বংস করবেন; দুষ্টদের ছেলেমেয়েরা বিনষ্ট হবে।
[29] ধার্মিকেরাই দেশের অধিকারী হবে এবং তারা চিরকাল সেখানে বাস করবে।
[30] ধার্মিকদের মুখ জ্ঞানের কথা বলে, তাদের জিভ যা ন্যায্য তাই বলে।
[31] তাদের ঈশ্বরের বিধান তাদের অন্তরে আছে; আর তাদের পা পিছল খায় না।
[32] যে দুষ্ট সে ধার্মিকদের পথ গোপনে লক্ষ্য রাখে, সে তাদের হত্যা করার উদ্দেশ্যে থাকে,
[33] কিন্তু সদাপ্রভু তাদের দুষ্টদের হাতে ছেড়ে দেবেন না বা তাদের বিচারে নিয়ে আসা হলে দোষী সাব্যস্ত হতে দেবেন না।
[34] সদাপ্রভুর আশায় থাকো আর তাঁর পথে অগ্রসর হও। তিনি তোমাকে দেশের অধিকার দেবার জন্য উন্নীত করবে; যখন দুষ্টরা ধ্বংস হবে, তোমরা দেখতে পাবে।
[35] আমি দুষ্ট ও নিষ্ঠুর ব্যক্তিদের দেখেছি আপন ভূমিতে সতেজ গাছের মতো প্রসারিত হতে দেখেছি,
[36] কিন্তু আবার যখন দৃষ্টি দিয়েছি, তারা নিশ্চিহ্ন হয়েছে; আমি তাদের খোঁজার চেষ্টা করলেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
[37] নির্দোষদের গণ্য করো, ন্যায়পরায়ণদের প্রতি দৃষ্টিপাত করো; যারা শান্তি খোঁজে তাদের এক ভবিষ্যৎ আছে,
[38] কিন্তু সব পাপীরা ধ্বংস হবে; দুষ্টদের কোনও ভবিষ্যৎ নেই।
[39] ধার্মিকদের পরিত্রাণ সদাপ্রভুর কাছ থেকেই আসে; সঙ্কটকালে তিনিই তাদের আশ্রয় দুর্গ।
[40] সদাপ্রভু তাদের সাহায্য করেন ও তাদের উদ্ধার করেন; তিনি তাদের দুষ্টদের কবল থেকে উদ্ধার করেন ও মুক্ত করেন, কারণ তারা যে তাঁরই শরণাগত।