[1] হে সদাপ্রভু, আমি তোমাতে আশ্রয় নিয়েছি; আমাকে কখনও লজ্জিত হতে দিয়ো না।
[2] তোমার ধার্মিকতায়, আমাকে রক্ষা করো আর উদ্ধার করো; আমার দিকে কর্ণপাত করো আর আমাকে রক্ষা করো।
[3] তুমি আমার আশ্রয় শৈল হও, যার কাছে আমি সর্বদা যেতে পারি; আমাকে রক্ষা করার জন্য আদেশ দাও, কারণ তুমি আমার শৈল ও আমার উচ্চদুর্গ।
[4] হে আমার ঈশ্বর, দুষ্টদের হাত থেকে, মন্দ ও নিষ্ঠুরদের কবল থেকে আমাকে উদ্ধার করো।
[5] কারণ, হে সার্বভৌম ঈশ্বর, তুমিই আমার আশা, আমার যৌবনকাল থেকে তুমি আমার আত্মবিশ্বাস।
[6] জন্ম থেকে আমি তোমার উপর নির্ভর করেছি; তুমি আমাকে আমার মাতৃগর্ভ থেকে বের করে এনেছ। আমি চিরকাল তোমার প্রশংসা করব।
[7] আমি অনেকের কাছে নিদর্শন হয়েছি; তুমি আমার শক্তিশালী আশ্রয়।
[8] আমার মুখ তোমার প্রশংসায় পূর্ণ, আর সারাদিন তোমার মহিমা প্রচার করে।
[9] যখন আমি বৃদ্ধ হব আমাকে দূরে সরিয়ে দিয়ো না; যখন আমার শক্তি ক্ষয় হবে তখন আমাকে পরিত্যাগ কোরো না।
[10] কারণ আমার শত্রুরা আমার বিরুদ্ধে কথা বলে; যারা আমাকে হত্যা করার জন্য অপেক্ষা করে তারা একত্রে ষড়যন্ত্র করে।
[11] তারা বলে, “ঈশ্বর তাকে পরিত্যাগ করেছেন; ওকে পশ্চাদ্ধাবন করো আর ওকে বন্দি করো, কারণ কেউ তাকে উদ্ধার করবে না।”
[12] হে আমার ঈশ্বর, আমার থেকে দূরে থেকো না; শীঘ্রই এসো, হে ঈশ্বর, আমাকে সাহায্য করো।
[13] আমার অভিযোগকারীরা লজ্জায় বিনষ্ট হোক; যারা আমার ক্ষতি করতে চায় তারা অবজ্ঞা আর ঘৃণায় আবৃত হোক।
[14] কিন্তু আমি, সর্বদা আশা রাখব; আমি উত্তর উত্তর তোমার প্রশংসা করব।
[15] যদিও আমি বাক্যে সুদক্ষ নই তবুও আমার মুখ তোমার ধার্মিক ক্রিয়াকলাপের কথা আর সারাদিন তোমার পরিত্রাণের কার্যাবলি প্রচার করবে।
[16] হে সার্বভৌম সদাপ্রভু, আমি এসে তোমার পরাক্রমী কার্যাবলি প্রচার করব; তোমার, কেবল তোমারই, ধার্মিক ক্রিয়াকলাপের কথা আমি প্রচার করব।
[17] আমার যৌবনকাল থেকে, হে ঈশ্বর, তুমি আমাকে শিক্ষা দিয়েছ, আর এই দিন পর্যন্ত আমি তোমার চমৎকার কার্যাবলি ঘোষণা করি।
[18] যখন আমি বৃদ্ধ হই আর আমার চুল ধুসর হয়, হে আমার ঈশ্বর, আমাকে পরিত্যাগ কোরো না; যতদিন না পর্যন্ত আমি তোমার শক্তি আগামী প্রজন্মের কাছে আর যারা আসবে তাদের কাছে তোমার পরাক্রমী কার্যাবলি ঘোষণা করতে পারি।
[19] হে ঈশ্বর, তোমার ধার্মিকতা আকাশমণ্ডল পর্যন্ত পৌঁছায়, তুমি মহান কার্য সাধন করেছ। হে ঈশ্বর, তোমার মতো কে আছে?
[20] যদিও তুমি আমাকে অনেক তিক্ত কষ্ট দেখিয়েছ, তুমি আমার জীবন পুনরুদ্ধার করবে; তুমি আমাকে পৃথিবীর গভীরস্থান থেকে আবার বের করে আনবে।
[21] আর একবার তুমি আমার সম্মান ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে।
[22] হে ঈশ্বর, তোমার বিশ্বস্ততার জন্য আমি তোমাকে বীণা সহযোগে প্রশংসা করব; হে ইস্রায়েলের পবিত্রজন, সুরবাহার দিয়ে আমি তোমার প্রশংসা করব।
[23] আমার ঠোঁট উচ্চধ্বনি করবে আর তোমার প্রশংসা করবে কারণ তুমি আমাকে মুক্ত করেছ।
[24] সারাদিন আমার জিভ তোমার ধার্মিক কার্যাবলীর কথা বলবে, কারণ যারা আমার ক্ষতি করতে চেয়েছিল তারা লজ্জিত ও অপমানিত হয়েছে।