Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:02

[1] ঈশ্বর আমাদের আশ্রয় ও বলো, সংকটকালে সদা উপস্থিত সহায়।

[2] অতএব আমরা ভয় করব না, যদিও পৃথিবী কম্পিত হয় এবং সমুদ্রের বুকে পর্বতসকল পতিত হয়,

[3] যদিও সমুদ্র গর্জন করে ও প্রচণ্ড হয়, এবং জলের উত্তালে পর্বতসকল কেঁপে উঠে।

[4] এক নদী আছে যার জলস্রোত ঈশ্বরের নগরীকে, পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে।

[5] ঈশ্বর সে নগরীর মধ্যে আছেন, তার পতন হবে না; দিনের শুরুতেই ঈশ্বর তাকে সাহায্য করবেন।

[6] জাতিগণ বিশৃঙ্খলতায় পূর্ণ এবং তাদের রাজ্য সকল পতিত হয়; ঈশ্বরের কণ্ঠস্বর গর্জন করে এবং পৃথিবী গলে যায়!

[7] সর্বশক্তিমান সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন; যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ।

[8] এসো এবং দেখো, সদাপ্রভু কী করেন, দেখো, কীভাবে তিনি এই জগতে ধ্বংস নিয়ে আসেন।

[9] তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত যুদ্ধ বন্ধ করেন। তিনি ধনুক ভেঙে দেন ও বর্শা চূর্ণ করেন; তিনি ঢাল সকল আগুনে পুড়িয়ে দেন।

[10] তিনি বলেন, “শান্ত হও, আর জানো, আমিই ঈশ্বর; সমস্ত জাতিতে আমি মহিমান্বিত হব, সমস্ত পৃথিবীতে আমি মহিমান্বিত হব।”

[11] সর্বশক্তিমান সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন; যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ।

গীত — Chapters