[1] হে সদাপ্রভু, আমি তোমায় ডাকি, তুমি সত্বর আমার কাছে এসো; আমি যখন ডাকি তখন আমার প্রার্থনায় কর্ণপাত করো।
[2] তোমার উদ্দেশে আমার প্রার্থনা সুগন্ধি ধূপের মতো, আর আমার প্রসারিত দু-হাত সান্ধ্য নৈবেদ্যের মতো গ্রহণ করো।
[3] হে সদাপ্রভু, আমি যা বলি তা তুমি নিয়ন্ত্রণ করো, আর আমার ঠোঁট দুটিকে পাহারা দাও।
[4] আমার হৃদয় যেন মন্দের প্রতি আকর্ষিত না হয়, বা অপরাধে অংশ না নেয়। যারা অন্যায় করে তাদের সুস্বাদু খাবারে আমি যেন ভাগ না নিই।
[5] ধার্মিক ব্যক্তি আমাকে আঘাত করুক—তা আমার জন্য কৃপা; সে আমাকে তিরস্কার করুক—তা আমার মাথার তেল। আমার মাথা তা অগ্রাহ্য করবে না, কারণ অনিষ্টকারীদের দুষ্কর্মের বিরুদ্ধে আমি নিত্য প্রার্থনা জানাব।
[6] যখন তাদের শাসকদের উঁচু পাহাড় থেকে নিক্ষিপ্ত করা হবে, দুষ্টরা আমার কথা শুনবে আর তা সঠিক বলে উপলব্ধি করবে।
[7] তখন তারা বলবে, “একজন যেমন জমিতে লাঙ্গল দেয় ও চাষ করে, তেমনই আমাদের হাড়গোড় কবরের মুখে ছড়িয়ে আছে।”
[8] কিন্তু হে সার্বভৌম সদাপ্রভু, দেখো আমার দৃষ্টি সাহায্যের জন্য তোমার প্রতি স্থির রয়েছে; আমি তোমাতে শরণ নিয়েছি, আমাকে মৃত্যুর হাতে তুলে দিয়ো না।
[9] অনিষ্টকারীদের ফাঁদ থেকে আমাকে সুরক্ষিত রাখো, তাদের জাল থেকে যা তারা আমার জন্য ছড়িয়ে রেখেছে।
[10] দুষ্টরা নিজেদের জালেই জড়িয়ে পড়ুক, কিন্তু আমাকে নিরাপদে পার হতে দাও।