Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:49

[1] ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ? আমাকে রক্ষা করা থেকে কেন দূরে আছো, আমার বেদনার আর্তনাদ থেকে কেন অত দূরে?

[2] হে আমার ঈশ্বর, আমি দিনে তোমাকে ডাকি, কিন্তু তুমি উত্তর দাও না, রাতেও ডাকি, কিন্তু কোনও অব্যাহতি পাই না।

[3] তথাপি তুমিই পবিত্র; ইস্রায়েলের প্রশংসায় তুমিই অধিষ্ঠিত।

[4] আমাদের পিতৃপুরুষেরা তোমাতে আস্থা রেখেছিল; তারা আস্থা রেখেছিল, আর তুমি তাদের উদ্ধার করেছিলে।

[5] তোমার কাছেই তারা কেঁদেছিল ও পরিত্রাণ পেয়েছিল; তোমার উপরই তারা নির্ভর করেছিল আর তারা লজ্জিত হয়নি।

[6] কিন্তু আমি মানুষ নই, একটি কীটমাত্র, সব মানুষের কাছে আমি অবজ্ঞা ও ঘৃণার পাত্র।

[7] যারা আমায় দেখে, তারা উপহাস করে; তারা অপমান করে, ও মাথা নেড়ে বলে,

[8] “সে সদাপ্রভুর উপর নির্ভর করে, অতএব, সদাপ্রভুই তাকে রক্ষা করুক। যদি সদাপ্রভু তাকে এতই ভালোবাসে, তবে তিনিই ওকে উদ্ধার করুক।”

[9] তবুও তুমি আমার মাতৃগর্ভ থেকে আমাকে নিরাপদে এনেছ; এমনকি যখন আমি মায়ের বুকে ছিলাম, তখন তুমি আমায় তোমার প্রতি বিশ্বাস করতে সাহায্য করেছ।

[10] জন্ম থেকে আমি তোমার হাতেই সমর্পিত হয়েছি; মাতৃগর্ভ থেকেই তুমি আমার ঈশ্বর রয়েছ।

[11] আমার কাছ থেকে তুমি এত দূরে থেকো না, কারণ বিপদ আসন্ন আর কেউ আমাকে সাহায্য করার নেই।

[12] আমার শত্রুরা আমাকে বলদের পালের মতো ঘিরে ধরেছে; বাশনের শক্তিশালী বলদগুলি আমার চারিপাশে রয়েছে।

[13] গর্জনকারী সিংহ যেমন শিকার ছিঁড়ে খায় তেমনই তারা আমার দিকে মুখ হাঁ করে রয়েছে।

[14] আমাকে জলের মতো ঢেলে দেওয়া হচ্ছে, এবং আমার সব হাড় জোড়া থেকে খুলে যাচ্ছে। আমার হৃদয় মোমের মতো; যা আমার অন্তরে গলে গেছে।

[15] রোদে পোড়া মাটির মতো আমার শক্তি শুকিয়ে গেছে, এবং আমার জিভ মুখের মধ্যে তালুতে লেগে রয়েছে; তুমি আমাকে মৃত্যুর জন্য ধুলোতে শুইয়ে দিয়েছ।

[16] আমার শত্রুরা কুকুরের মতো আমাকে ঘিরে ধরেছে, দুর্বৃত্তের দল চারিদিকে বেষ্টন করেছে, ওরা আমার হাত ও পা বিদ্ধ করেছে।

[17] আমি আমার সব হাড় গুনতে পারি; লোকেরা আমার দিকে দেখে ও কৌতুকের দৃষ্টিতে চেয়ে থাকে।

[18] তারা আমার পোশাক তাদের মধ্যে ভাগ করে নেয় আর আমার আচ্ছাদনের জন্য গুটিকাপাতের দান ফেলে।

[19] কিন্তু তুমি, হে সদাপ্রভু, আমার থেকে দূরে থেকো না, তুমি আমার শক্তি, আমাকে সাহায্য করতে শীঘ্র এসো।

[20] আমাকে তরোয়ালের আঘাত থেকে বাঁচাও, এই কুকুরগুলির কবল থেকে আমার মূল্যবান জীবন উদ্ধার করো।

[21] সিংহের মুখ থেকে আমাকে উদ্ধার করো; বুনো ষাঁড়ের শিং থেকে আমাকে রক্ষা করো।

[22] তোমার নাম আমি আমার লোকেদের কাছে প্রচার করব, সভার মাঝে আমি তোমার জয়গান গাইব।

[23] তোমরা যারা সদাপ্রভুকে সম্ভ্রম করো, তাঁর প্রশংসা করো! যাকোবের বংশধর সকলে, তাঁর সম্মান করো! তাঁকে শ্রদ্ধা করো, ইস্রায়েলের বংশধর সকল।

[24] কারণ তিনি পীড়িতদের যন্ত্রণা অবজ্ঞা বা উপহাস করেননি; তিনি তাদের কাছ থেকে তাঁর মুখ লুকাননি কিন্তু তাদের সাহায্যের কান্না শুনেছেন।

[25] মহাসমাবেশে আমি তোমার প্রশংসা করব; যারা তোমার আরাধনা করে তাদের উপস্থিতিতে আমি আমার শপথ পূরণ করব।

[26] যারা দরিদ্র তারা ভোজন করবে ও তৃপ্ত হবে; যারা সদাপ্রভুর অন্বেষণ করে তারা তাঁর জয়গান করবে, তাদের হৃদয় চিরস্থায়ী আনন্দে উল্লাসিত হবে।

[27] পৃথিবীর সকল প্রান্তের মানুষ সদাপ্রভুকে স্মরণ করবে ও তাঁর দিকে ফিরবে, এবং জাতিসকলের সব পরিবার তাঁর সম্মুখে নতজানু হবে,

[28] কারণ আধিপত্য সদাপ্রভুরই আর তিনি জাতিগণের উপর শাসন করেন।

[29] পৃথিবীর সকল ধনী ভোজন করবে ও তাঁর আরাধনা করবে; যাদের জীবন ধুলোতে শেষ হবে তারা সবাই তাঁর সামনে নতজানু হবে— তারা যারা নিজেদের প্রাণ বাঁচিয়ে রাখতে পারে না।

[30] বংশধরগণ তাঁর সেবা করবে; আগামী প্রজন্মকে বলা হবে সদাপ্রভুর কথা।

[31] তারা তাঁর ধার্মিকতা প্রচার করবে, যারা অজাত তাদের প্রতি ঘোষণা করা হবে: তিনি এই কাজ করেছেন!

গীত — Chapters