[1] আমি উচ্চরবে সদাপ্রভুর কাছে বিনতি করি; সদাপ্রভুর দয়ার জন্য আমি অনুনয় করি।
[2] আমি তাঁর কাছে আমার অভিযোগের কথা প্রকট করি; তোমার সম্মুখে আমার সঙ্কটের কথা বলি।
[3] যখন আমার আত্মা আমার অন্তরে ক্ষীণ হয়, তখন তুমিই আমার চলার পথে লক্ষ্য রাখো। যে পথে আমি চলি, লোকেরা সেই পথে আমার জন্য গোপন ফাঁদ পেতেছে।
[4] তুমি চেয়ে দেখো, আমার ডানদিকে কেউ নেই; আমার জন্য কারও ভাবনা নেই, আমার কোনও আশ্রয় নেই; কেউই আমার জীবনের জন্য চিন্তা করে না।
[5] হে সদাপ্রভু, আমি তোমার কাছে কাঁদি, আমি বলি, “তুমিই আমার আশ্রয়, জীবিতদের দেশে তুমিই আমার অংশ।”
[6] আমার কাতর প্রার্থনা শোনো, কারণ আমি নিদারুণ প্রয়োজনে রয়েছি; যারা আমাকে তাড়না করে, তাদের হাত থেকে আমাকে উদ্ধার করো, কারণ তারা আমার থেকেও শক্তিশালী।
[7] আমাকে কারাগার থেকে মুক্ত করো, যেন আমি তোমার নামের প্রশংসা করতে পারি। তখন ধার্মিকেরা আমাকে ঘিরে ধরবে কারণ তুমি আমার প্রতি মঙ্গলময়।