[1] সদাপ্রভুর প্রশংসা করো, তাঁর নাম ঘোষণা করো; জাতিদের জানাও তিনি কী করেছেন।
[2] তাঁর উদ্দেশে গান গাও, তাঁর উদ্দেশে প্রশংসাগীত গাও; তাঁর সুন্দর সুন্দর সব কাজের কথা বলো।
[3] তাঁর পবিত্র নামের মহিমা করো; যারা সদাপ্রভুর খোঁজ করে তাদের অন্তর উল্লসিত হোক।
[4] সদাপ্রভুর ও তাঁর শক্তির দিকে চেয়ে দেখো; সর্বদা তাঁর শ্রীমুখের খোঁজ করো।
[5] মনে রেখো তাঁর করা আশ্চর্য কাজগুলি, তাঁর অলৌকিক কার্যাবলি ও তাঁর ঘোষণা করা শাস্তি,
[6] তোমরা তাঁর দাস, হে অব্রাহামের বংশধরেরা, তাঁর মনোনীত লোকেরা, হে যাকোবের সন্তানেরা।
[7] তিনিই সদাপ্রভু আমাদের ঈশ্বর; তাঁর বিচার সমগ্র পৃথিবীতে বিরাজমান।
[8] তিনি চিরকাল তাঁর নিয়ম মনে রাখেন, যে প্রতিজ্ঞা তিনি করেছেন, হাজার বংশ পর্যন্ত,
[9] যে নিয়ম তিনি অব্রাহামের সাথে স্থাপন করলেন, যে শপথ তিনি ইস্হাকের কাছে করলেন।
[10] তা তিনি যাকোবের কাছে এক বিধানরূপে সুনিশ্চিত করলেন, ইস্রায়েলের কাছে করলেন এক চিরস্থায়ী নিয়মরূপে:
[11] “তোমাকেই আমি সেই কনান দেশ দেব সেটিই হবে তোমার উত্তরাধিকারের অংশ।”
[12] তারা যখন সংখ্যায় নগণ্য ছিল, সত্যিই নগণ্য, ও সেখানে ছিল তারা বিদেশি,
[13] তারা এক জাতি থেকে অন্য জাতির মধ্যে ঘুরে বেড়ালো, এক রাজ্য থেকে অন্য রাজ্যে।
[14] তিনি কাউকে তাদের উপর অত্যাচার করতে দেননি; তাদের সুবিধার্থে তিনি রাজাদের তিরস্কার করলেন:
[15] “আমার অভিষিক্ত জনেদের স্পর্শ কোরো না; আমার ভাববাদীদের কোনও ক্ষতি কোরো না।”
[16] তিনি দেশে দুর্ভিক্ষ ডেকে আনলেন আর তাদের খাবারের সব যোগান ধ্বংস করলেন;
[17] আর তাদের আগে এক ব্যক্তিকে পাঠালেন— যোষেফকে ক্রীতদাসরূপে বিক্রি করা হল।
[18] তারা শিকল দিয়ে তাঁর পায়ে আঘাত করল, তার ঘাড় লোহাতে আবদ্ধ করা হল,
[19] যতক্ষণ না পর্যন্ত তার আগাম কথা পূর্ণ হল, যতক্ষণ না পর্যন্ত সদাপ্রভুর বাক্য তাকে সত্য প্রমাণিত করল।
[20] রাজা তাকে মুক্ত করার জন্য আদেশ দিলেন, আর প্রজাদের শাসক তাকে মুক্ত করলেন।
[21] তিনি তাকে নিজের ভবনের প্রধান আর তার সম্পূর্ণ সম্পত্তির শাসক করলেন,
[22] তার ইচ্ছামত অধিপতিগণদের আদেশ দিতে এবং তার মন্ত্রীদের প্রজ্ঞা শেখাতে।
[23] তারপর ইস্রায়েল মিশর দেশে প্রবেশ করল; হামের দেশে যাকোব বিদেশি হয়ে বাস করল।
[24] সদাপ্রভু তাঁর লোকেদের অনেক গুণে বৃদ্ধি করলেন; তাঁর বিপক্ষদের থেকে তিনি তাদের অনেক শক্তিশালী করলেন,
[25] তারপর মিশরীয়দের হৃদয় ইস্রায়েলীদের প্রতি ঘৃণায় পূর্ণ করলেন, আর তারা সদাপভুর সেবকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করল।
[26] কিন্তু সদাপ্রভু তাঁর দাস মোশিকে পাঠালেন, আর তার সঙ্গে হারোণ, যাকে তিনি মনোনীত করেছিলেন।
[27] তারা মিশরীয়দের মধ্যে অনেক চিহ্নকাজ, আর হামের দেশে তাঁর আশ্চর্য কাজ দেখালেন।
[28] তিনি অন্ধকার পাঠালেন আর সেই দেশ অন্ধকারাচ্ছন্ন হল— কেননা তারা তাঁর আদেশ অমান্য করেছিল।
[29] তিনি তাদের জল রক্তে পরিণত করলেন, তাতে তাদের মাছ মরে গেল।
[30] তাদের দেশ ব্যাঙে পূর্ণ হল, যা তাদের শাসকদের শোবার ঘর পর্যন্ত পৌঁছালো।
[31] তিনি কথা বললেন, আর ঝাঁকে ঝাঁকে মাছি এলো, আর সারা দেশ ডাঁশ-মশায় ভর্তি হল।
[32] তিনি বৃষ্টির পরিবর্তে তাদের শিলা দিলেন, সারা দেশে নেমে এল বজ্রবিদ্যুৎ;
[33] তিনি তাদের দ্রাক্ষালতা আর ডুমুর গাছ আঘাত করলেন আর দেশের সব গাছগুলি ধ্বংস করলেন।
[34] তিনি কথা বললেন, আর পঙ্গপাল এলো, আর অসংখ্য ফড়িং এলো;
[35] তারা দেশের যা কিছু সবুজ ছিল তা খেয়ে ফেলল, আর জমির ফসল গ্রাস করল।
[36] তারপর তিনি তাদের দেশের সব প্রথমজাতদের হত্যা করেলেন, তাদের পুরুষত্বের প্রথম ফলকে আঘাত করলেন।
[37] তিনি ইস্রায়েলকে মিশর দেশ থেকে বের করে আনলেন, তাদের সঙ্গে এল প্রচুর রুপো আর সোনা, আর তাদের গোষ্ঠীদের মধ্যে একজনও হোঁচট খেল না।
[38] যখন তারা চলে গেল তখন মিশর আনন্দ করল, কেননা ইস্রায়েলের ত্রাস মিশরের উপর এসেছিল।
[39] তিনি আবরণের মতো মেঘ ছড়িয়ে দিলেন, আর রাতে আলো দেওয়ার জন্য আগুন দিলেন।
[40] তারা মাংস চাইল, আর তিনি তাদের ভারুই পাখি দিলেন; স্বর্গের রুটি দিয়ে তাদের তৃপ্ত করলেন।
[41] তিনি শৈল খুলে দিলেন আর জল বেরিয়ে এলো; মরুভূমিতে নদীর মতো প্রবাহিত হল।
[42] কেননা তাঁর দাস অব্রাহামের প্রতি দেওয়া পবিত্র প্রতিশ্রুতি তিনি মনে রাখলেন।
[43] নিজের প্রজাদের আনন্দের সাথে আর তাঁর মনোনীতদের আনন্দধ্বনির সাথে বের করে আনলেন;
[44] তিনি তাদের অইহুদিদের জমি দিলেন, আর অন্যরা যা বপন করেছিল তারা সেই ফসল পেল—
[45] যেন তারা তাঁর অনুশাসন পালন করে এবং তাঁর বিধিনিয়ম মেনে চলে। সদাপ্রভুর প্রশংসা করো।