Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:26

[1] হে সর্বশক্তিমান সদাপ্রভু, তোমার আবাস কত মনোরম!

[2] আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আকুল হয়, এমনকি মূর্চ্ছিতপ্রায় হয়; জীবন্ত ঈশ্বরের জন্য আমার হৃদয় আর আমার দেহ কেঁদে ওঠে।

[3] এমনকি চড়ুইপাখিও আশ্রয় খুঁজে পেয়েছে, দোয়েল নিজের জন্য বাসা পেয়েছে, যেখানে সে তার শাবকদের জন্ম দিতে পারে— এমন স্থান, যা তোমার বেদির নিকটে, হে সদাপ্রভু, আমার রাজা, আমার ঈশ্বর।

[4] ধন্য সেই ব্যক্তি, যে তোমার গৃহে বাস করে, সে সর্বক্ষণ তোমার গুণকীর্তন করে।

[5] ধন্য সেই ব্যক্তি, যার শক্তি সদাপ্রভু থেকে আসে, যে সদাপ্রভুর গৃহে যাওয়ার জন্য তার হৃদয় স্থির রেখেছে।

[6] যখন তারা অশ্রুর উপত্যকার মধ্য দিয়ে যায়, তারা সেই স্থান জলধারায় পরিণত করে; প্রথম বৃষ্টি সেই প্রান্তরকে আশীর্বাদে আবৃত করে।

[7] তারা ক্রমাগত শক্তিশালী হয়ে উঠবে, এবং সিয়োনে ঈশ্বরের সম্মুখে প্রত্যেকে হাজির হবে।

[8] হে সর্বশক্তিমান সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো; হে যাকোবের ঈশ্বর, আমার কথা শোনো।

[9] দেখো, হে ঈশ্বর, আমাদের ঢাল; তোমার অভিষিক্ত-জনের প্রতি অনুগ্রহের দৃষ্টিতে দেখো।

[10] তোমার প্রাঙ্গণে একদিন অন্যত্র হাজার দিনের চেয়েও শ্রেয়; দুষ্টদের তাঁবুতে বাস করার থেকে আমি আমার ঈশ্বরের গৃহের দ্বাররক্ষী হয়ে থাকতে চাই।

[11] কারণ সদাপ্রভু ঈশ্বর ঢাল ও সূর্যের ন্যায়; তিনি দয়া ও সম্মান দান করেন; যাদের চলার পথ সিদ্ধ তাদের তিনি কোনো প্রকার মঙ্গল থেকে বঞ্চিত করেন না।

[12] হে সর্বশক্তিমান সদাপ্রভু, ধন্য সেই ব্যক্তি যে তোমার উপর আস্থা রাখে।

গীত — Chapters