Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:40

[1] হে ঈশ্বর, সিয়োনে তোমার জন্য প্রশংসা অপেক্ষা করে; তোমার উদ্দেশ্যে আমরা আমাদের শপথ পূর্ণ করব

[2] কারণ তুমি পার্থনার উত্তর দিয়েছ। সকল মানুষ তোমার কাছে আসবে।

[3] আমরা যখন আমাদের পাপে ভারাক্রান্ত ছিলাম, তুমি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করেছিলে।

[4] ধন্য সেই ব্যক্তি যাকে তুমি মনোনীত করেছ এবং কাছে এনেছ যেন তোমার প্রাঙ্গণে বাস করতে পারে! তোমার গৃহের ও তোমার পবিত্র মন্দিরের উত্তম সম্পদে আমরা পরিতৃপ্ত হয়েছি।

[5] হে ঈশ্বর, আমাদের ত্রাণকর্তা, তুমি অসাধারণ ও ধার্মিক ক্রিয়াসকলের মাধ্যমে আমাদের প্রার্থনার উত্তর দিয়েছ। পৃথিবীর সকলের আশা তুমি এমনকি যারা সুদূর সমুদ্রে যাত্রা করে তাদেরও।

[6] তোমার পরাক্রমে তুমি পর্বতমালাকে নির্মাণ করেছ, এবং মহা শক্তিবলে নিজেকে সজ্জিত করেছ।

[7] তুমি গর্জনশীল সমুদ্র ও তাদের উত্তাল ঢেউ শান্ত করেছ, এবং জাতিগণের কোলাহল চুপ করিয়েছ।

[8] যারা পৃথিবীর দূর প্রান্তে বাস করে তারা তোমার আশ্চর্য ক্রিয়ায় ভীত; সূর্য ওঠার স্থান থেকে অস্ত যাওয়ার স্থান পর্যন্ত, তুমি আনন্দধ্বনি জাগিয়েছ।

[9] তুমি এই পৃথিবীকে যত্ন করছ ও জল সেচন করছ, সমৃদ্ধ ও উর্বর করে তুলছ। ঈশ্বরের নদী জলে পূর্ণ; যা সকলকে প্রচুর শস্যের সম্ভার দেয়; কারণ এইভাবেই তুমি আদেশ দিয়েছ।

[10] তুমি চষা জমির লাঙ্গলরেখা ভিজিয়ে রাখছ এবং ঢাল সমান করছ; তুমি বৃষ্টি দিয়ে তা নরম করছ এবং তার ফসল আশীর্বাদ করছ।

[11] ফসলের সম্ভারে তুমি বছরকে মুকুটে ভূষিত করছ, আর তোমার ঠেলাগাড়ী প্রাচুর্যে উপচে পড়ে।

[12] মরুপ্রান্তরের তৃণভূমি উপচে পড়ে; আর সব পাহাড় আনন্দে সজ্জিত হয়।

[13] পশুপালে চারণভূমি পরিপূর্ণ হয়, উপত্যকাগুলি শস্যসম্ভারে আবৃত হয়; তারা জয়ধ্বনি করে ও গান গায়।

গীত — Chapters