[1] যে ব্যক্তি পরাৎপরের আশ্রয়ে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় বিশ্রাম পাবে।
[2] আমি সদাপ্রভু সম্বন্ধে বলব, “তিনিই আমার আশ্রয় এবং আমার উচ্চদুর্গ, আমার ঈশ্বর, যার উপর আমি আস্থা রাখি।”
[3] নিশ্চয় তিনিই তোমাকে শিকারির ফাঁদ আর মারাত্বক মহামারি থেকে রক্ষা করবেন।
[4] তিনি নিজের পালকে তোমাকে আবৃত করবেন, এবং তাঁর ডানার তলায় তুমি আশ্রয় পাবে; তাঁর বিশ্বস্ত প্রতিশ্রুতি হবে তোমার ঢাল ও সুরক্ষা।
[5] তুমি রাতের আতঙ্ক থেকে ভয় পাবে না, অথবা দিনে উড়ন্ত তির থেকে,
[6] অথবা মহামারি থেকে যা অন্ধকারে আক্রমণ করে, অথবা সংক্রামক ব্যাধি থেকে যা দুপুরে ধ্বংস করে।
[7] তোমার পাশে হাজার জনের পতন হতে পারে, তোমার ডানপাশে দশ হাজার জনের, কিন্তু তা তোমার কাছে আসবে না।
[8] তুমি তোমার চোখ দিয়ে কেবল লক্ষ্য করবে আর দুষ্টদের শাস্তি হওয়া দেখবে।
[9] যদি তুমি বলো, “সদাপ্রভু আমার আশ্রয়,” আর তুমি পরাৎপরকে নিজের বাসস্থান করো,
[10] তোমার কোনো অনিষ্ট হবে না, কোনো বিপর্যয় তোমার তাঁবুর কাছে আসবে না।
[11] কারণ তিনি নিজের দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন তোমার সকল চলার পথে তোমাকে রক্ষা করতে;
[12] তারা তোমাকে নিজেদের হাতে তুলে নেবেন, যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।
[13] তুমি সিংহ ও কালসাপের উপর পা দিয়ে চলবে; তুমি হিংস্র সিংহ আর সাপকে পদদলিত করবে।
[14] “যেহেতু সে আমাকে ভালোবাসে,” সদাপ্রভু বলেন, “আমি তাকে উদ্ধার করব; আমি তাকে রক্ষা করব কারণ সে আমার নাম স্বীকার করে।
[15] সে আমার নামে ডাকবে, আর আমি তাকে উত্তর দেব; সঙ্কটে আমি তার সঙ্গে রইব, আমি তাকে উদ্ধার করব আর সম্মানিত করব।
[16] দীর্ঘ জীবন দিয়ে আমি তাকে তৃপ্ত করব আর আমার পরিত্রাণ তাকে দেখাব।”