Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:05

[1] সদাপ্রভু, পরাক্রমী জন, তিনিই ঈশ্বর, তিনি কথা বলেন সূর্যের উদয় থেকে অস্ত যাওয়ার স্থান পর্যন্ত তিনি পৃথিবীর সকল মানুষদের তলব করেন।

[2] সিয়োন থেকে, পরম সৌন্দর্যের স্থান থেকে, ঈশ্বর দীপ্তিমান রয়েছেন।

[3] আমাদের ঈশ্বর আসছেন আর তিনি নীরব রইবেন না; এক সর্বগ্রাসী আগুন তাঁর অগ্রবর্তী, এবং এক প্রচণ্ড ঝড় তাঁর চতুর্দিকে বইছে।

[4] তিনি আকাশমণ্ডলকে তলব করলেন, এবং পৃথিবীকেও, যেন তিনি তাঁর ভক্তজনের বিচার করেন:

[5] “এই পবিত্র লোকেদের আমার কাছে একত্রিত করো, যারা বলিদানসহ আমার সঙ্গে এক নিয়ম স্থাপন করেছিল।”

[6] আকাশমণ্ডল তাঁর ধার্মিকতা প্রচার করে, কারণ তিনি ন্যায়ের ঈশ্বর।

[7] “শোনো, আমার ভক্তজন, আর আমি কথা বলব; ইস্রায়েল, আমি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেব: আমি ঈশ্বর, তোমার ঈশ্বর।

[8] তোমার নিবেদিত নৈবেদ্য সম্পর্কে আমি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনব না অথবা তোমার হোমবলি সম্পর্কে, যা সর্বক্ষণ আমার সম্মুখে।

[9] তোমার গোশালা থেকে আমার বলদের প্রয়োজন নেই অথবা তোমার খোঁয়াড় থেকে ছাগলের প্রয়োজন নেই,

[10] কারণ অরণ্যের সকল প্রাণী আমার, এবং হাজার পর্বতের উপর গবাদি পশুও আমার।

[11] পর্বতমালার সব পাখি আমার পরিচিত, আর প্রান্তরের সব কীটপতঙ্গ আমার।

[12] যদি আমি ক্ষুধার্ত হই আমি তোমাকে কিছু বলব না, কারণ এই পৃথিবী আমার, আর যা কিছু এতে আছে, তাও আমার।

[13] আমি কি বলদের মাংস খাই বা ছাগলের রক্ত পান করি?

[14] “ঈশ্বরের উদ্দেশে ধন্যবাদের নৈবেদ্য উৎসর্গ করো, পরাৎপরের কাছে তোমার শপথ পূর্ণ করো,

[15] এবং সংকটের দিনে আমাকে ডাকো; আমি তোমাকে উদ্ধার করব, আর তুমি আমার গৌরব করবে।”

[16] কিন্তু দুষ্ট ব্যক্তিকে ঈশ্বর বলেন: “আমার বিধি পাঠ করার কী অধিকার তোমার আছে অথবা আমার নিয়ম তোমার মুখে আনার?

[17] তুমি আমার নির্দেশ ঘৃণা করো আর আমার সকল আদেশ অগ্রাহ্য করো।

[18] যখন তুমি এক চোর দেখো, তুমি তার সঙ্গে যুক্ত হও; আর তুমি ব্যভিচারীদের সঙ্গে সময় কাটাও।

[19] তুমি তোমার মুখ অসৎ কাজে ব্যবহার করো আর তোমার জিভ ছলনায় সাজিয়ে রাখো।

[20] তুমি বসে থাকো আর তোমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দাও এবং তোমার নিজের মায়ের সন্তানের নিন্দা করো।

[21] যখন তুমি এসব করেছিলে আর আমি নীরব ছিলাম, তুমি ভেবেছিলে যে আমি ঠিক তোমারই মতো। কিন্তু এখন আমি তোমাকে তিরস্কার করি এবং আমার সব অভিযোগ তোমার সামনে রাখি।

[22] “তোমরা যারা ঈশ্বরকে ভুলে যাও, এখন বিবেচনা করো, নতুবা আমি তোমাদের ছিন্নভিন্ন করব, কেউ তোমাকে রক্ষা করবে না:

[23] যারা ধন্যবাদের নৈবেদ্য নিবেদন করে, তারা আমাকে সম্মান করে, আর যে নির্দোষ তাকে আমি আমার পরিত্রাণ দেখাব।”

গীত — Chapters