[1] হে ঈশ্বর, পূর্বকালে, আমাদের পিতৃপুরুষদের সময়ে তুমি যা কিছু করেছ তা আমরা আমাদের কানে শুনেছি।
[2] তুমি নিজের হাতে অইহুদিদের তাড়িয়েছ আর আমাদের পিতৃপুরুষদের প্রতিষ্ঠিত করেছ; তুমি তাদের শত্রুদের পদদলিত করেছ আর আমাদের পিতৃপুরুষদের সমৃদ্ধি দিয়েছ।
[3] তারা তাদের তরোয়াল দিয়ে এই দেশ অধিকার করেনি, তাদের বাহুবলে তারা জয়লাভ করেনি; কিন্তু তোমার শক্তিশালী ডান হাত, তোমার বাহু, আর তোমার মুখের জ্যোতি সেইসব করেছে।
[4] তুমি আমার রাজা আমার ঈশ্বর, যাকোবকে বিজয়ী করতে আদেশ দিয়েছ।
[5] তোমার দ্বারা আমরা শত্রুদের পশ্চাদ্ধাবন করি; তোমার নামের দ্বারা আমরা আমাদের বিপক্ষদের পদদলিত করি।
[6] আমি আমার ধনুকে আস্থা রাখি না, আমার তরোয়াল আমাকে বিজয়ী করে না;
[7] কিন্তু আমাদের শত্রুদের উপরে তুমি আমাদের বিজয়ী করেছ, তুমি আমাদের বিপক্ষদের লজ্জিত করেছ।
[8] ঈশ্বরে আমরা সারাদিন গর্ব করি, আর আমরা চিরকাল তোমার নামের প্রশংসা করব।
[9] কিন্তু এখন তুমি আমাদের পরিত্যাগ করেছ ও অবনত করেছ; আমাদের সৈন্যবাহিনীর সঙ্গে তুমি আর যুদ্ধে যাও না।
[10] আমাদের শত্রুদের সামনে তুমি আমাদের পিছু ফিরতে বাধ্য করেছ, আর আমাদের প্রতিপক্ষরা আমাদের লুট করেছে।
[11] তুমি আমাদের ত্যাগ করেছ যেন আমরা মেষের মতো গ্রাস হয়ে যাই আর আমাদের বিভিন্ন জাতির মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে দিয়েছ।
[12] তুমি তোমাদের প্রজাদের সামান্য মূল্যে বিক্রি করেছ, তাদের বিক্রি থেকে কিছুই পাওনি।
[13] তুমি আমাদের প্রতিবেশীদের কাছে আমাদেরকে নিন্দার বিষয় আর আমাদের চারপাশের লোকেদের কাছে ঘৃণা ও উপহাসের পাত্র করেছ।
[14] অইহুদিদের আছে তুমি আমাদের রসিকতার বস্তু করে তুলেছ; তারা অবজ্ঞায় আমাদের প্রতি তাদের মাথা নাড়ায়।
[15] সারাদিন আমি মর্যাদাহীনতার সাথে বেঁচে আছি, আর আমার মুখ লজ্জায় আবৃত।
[16] আমি কেবল বিদ্রুপকারী উপহাস শুনতে পাই; আমি কেবল আমার প্রতিহিংসাপরায়ণ শত্রুদের দেখতে পাই।
[17] এসব আমাদের প্রতি ঘটেছে যদিও আমরা তোমাকে ভুলে যাইনি; আমরা তোমার নিয়ম ভঙ্গ করিনি।
[18] আমাদের হৃদয় তোমাকে ত্যাগ করেনি, আমাদের পদক্ষেপ তোমার পথ থেকে দূরে সরে যায়নি।
[19] কিন্তু তুমি আমাদের চূর্ণ করেছ আর শিয়ালের বাসভূমিতে পরিণত করেছ; মৃত্যুর অন্ধকারে তুমি আমাদের আবৃত করেছ।
[20] যদি আমরা আমাদের ঈশ্বরকে ভুলে গিয়েছি অথবা আমাদের হাত অন্য দেবতাদের প্রতি বাড়িয়ে দিয়েছি,
[21] ঈশ্বর নিশ্চয়ই তা জানতে পারতেন। কারণ তিনি হৃদয়ের গুপ্ত বিষয় জানেন।
[22] তবুও তোমার জন্য আমরা প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হই; বলির মেষের মতো আমাদের গণ্য করা হয়।
[23] ওঠো, হে সদাপ্রভু! কেন তুমি ঘুমিয়ে? জাগ্রত হও! চিরকাল আমাদের ত্যাগ কোরো না।
[24] কেন তুমি তোমার মুখ লুকিয়ে রাখো আর আমাদের দুর্দশা ও নির্যাতন ভুলে যাও?
[25] আমাদের প্রাণ ধুলোতে অবনত; উপুড় হয়ে মাটিতে শুয়ে।
[26] উঠে দাঁড়াও আর আমাদের সাহায্য করো; তোমার অবিচল প্রেমের গুণে আমাদের উদ্ধার করো।