[1] সদাপ্রভুর প্রশংসা হোক, যিনি আমার শৈল; তিনি আমার হাতকে যুদ্ধ শেখান, আমার অঙ্গুলিকে সংগ্রাম শেখান।
[2] তিনি আমার প্রেমময় ঈশ্বর ও আমার উচ্চদুর্গ, আমার নিরাপদ আশ্রয় ও রক্ষাকর্তা, আমার ঢাল, আমি তাঁর শরণাগত, যিনি জাতিগণকে আমার অধীনস্থ করেন।
[3] হে সদাপ্রভু, মানুষ কে যে তুমি তাদের যত্ন নাও, সামান্য মানুষ যে তুমি তাদের কথা চিন্তা করো?
[4] মানুষ নিঃশ্বাসের তুল্য; তাদের আয়ু ছায়ার মতো যা মিলিয়ে যায়।
[5] তোমার আকাশমণ্ডল উন্মুক্ত করো, হে সদাপ্রভু, আর নেমে এসো; পর্বতশ্রেণীকে স্পর্শ করো আর তারা ধোঁয়া নির্গত করবে।
[6] বিদ্যুৎ প্রেরণ করো আর শত্রুদের বিক্ষিপ্ত করো; তোমার তির নিক্ষেপ করো আর তাদের ছত্রভঙ্গ করো।
[7] ঊর্ধ্বলোক থেকে তোমার হাত প্রসারিত করো; মহা জলরাশি থেকে আর অইহুদিদের কবল থেকে আমাকে উদ্ধার করো আর রক্ষা করো;
[8] তাদের মুখ মিথ্যায় পূর্ণ, তাদের ডান হাত ছলনায় ভরা।
[9] হে আমার ঈশ্বর, আমি তোমার উদ্দেশে এক নতুন গান গাইব; দশ-তারের বীণায় আমি তোমার জন্য সঙ্গীত রচনা করব।
[10] তিনি রাজাদের বিজয় দেন এবং তাঁর দাস দাউদকে উদ্ধার করেন। মারাত্মক তরোয়াল থেকে
[11] উদ্ধার করো; অইহুদিদের কবল থেকে আমাকে উদ্ধার করো, যাদের মুখ মিথ্যায় পূর্ণ, যাদের ডান হাত ছলনায় ভরা।
[12] তখন আমাদের পুত্রগণ তাদের যৌবনে বেড়ে ওঠা সতেজ গাছের সদৃশ হবে, আর আমাদের কন্যারা খোদাই করা স্তম্ভস্বরূপ হবে যা প্রাসাদের শোভা বর্ধনকারী।
[13] আমাদের শস্যাগার বিবিধ খোরাকে পূর্ণ থাকবে। আমাদের মেষ হাজার গুণে বৃদ্ধি পাবে; এমনকি দশ হাজার গুণে বৃদ্ধি পাবে আমাদের মাঠে;
[14] আমাদের বলদগুলি অনেক ভারবহন করবে। কোনো শত্রুপক্ষ দেওয়াল ভেঙে আক্রমণ করবে না, কেউ বন্দিদশায় যাবে না, আমাদের পথে পথে দুর্দশার ক্রন্দন উঠবে না।
[15] ধন্য সেই লোকসকল, যাদের পক্ষে এসব সত্য; ধন্য সেই লোকসকল, সদাপ্রভু যাদের ঈশ্বর।