[1] সদাপ্রভুর প্রশংসা করা এবং, হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে গান করা, উত্তম।
[2] দশ-তারের সুরবাহার এবং বীণার সুর সহযোগে
[3] সকালে তোমার অবিচল প্রেম এবং রাতে তোমার বিশ্বস্ততা প্রচার করা, উত্তম।
[4] হে সদাপ্রভু, তোমার হাত যা কার্য সাধন করেছে তার উদ্দেশে আমি আনন্দগান করি কারণ তুমি তোমার ক্রিয়াসকলে আমাকে আনন্দিত করেছ।
[5] হে সদাপ্রভু, তোমার কার্যসকল কত মহান, কত গভীর তোমার ভাবনা!
[6] অচেতন লোকেরা জানে না, মূর্খরা বুঝতে পারে না,
[7] যে যদিও দুষ্টরা ঘাসের মতো গজিয়ে ওঠে আর সব অনিষ্টকারী বৃদ্ধি পায়, তারা চিরকালের জন্য ধ্বংস হবে।
[8] কিন্তু তুমি, হে সদাপ্রভু, চিরকালের জন্য মহিমান্বিত।
[9] হে সদাপ্রভু, নিশ্চয় আমাদের শত্রুরা নিশ্চয়ই আমাদের শত্রুরা বিনষ্ট হবে; সব অনিষ্টকারী ছিন্নভিন্ন হবে।
[10] তুমি আমার শিং বুনো ষাঁড়ের মতো উন্নীত করেছ; খাঁটি তেল আমার মাথায় ঢেলে দিয়েছ।
[11] আমার চোখ আমার প্রতিপক্ষদের পরাজয় দেখেছে; আমার কান আমার দুষ্ট বিপক্ষদের পতনের কথা শুনেছে।
[12] ধার্মিক তাল গাছের মতো সমৃদ্ধ হবে, লেবাননের দেবদারু গাছের মতো তারা বৃদ্ধি পাবে;
[13] যাদের সদাপ্রভুর গৃহে লাগানো হয়েছে, তারা আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে সমৃদ্ধ হয়ে উঠবে।
[14] বুড়ো বয়সেও তারা ফল প্রদান করবে, তারা সতেজ ও সবুজ হয়ে রইবে,
[15] এই প্রচার করবে, “সদাপ্রভু ন্যায়পরায়ণ; তিনি আমার শৈল এবং তাতে কোনো অন্যায় নেই।”