[1] হে সদাপ্রভু, আমার পরিত্রাণের ঈশ্বর; দিনে ও রাতে আমি তোমার কাছে কেঁদে প্রার্থনা করি।
[2] আমার প্রার্থনা তোমার সম্মুখে আসুক; আমার কান্নার প্রতি কর্ণপাত করো।
[3] কেননা আমার প্রাণ কষ্টে জর্জরিত আর আমার জীবন মৃত্যুর নিকটবর্তী।
[4] যারা মৃত্যুর গর্তে নেমে যায় আমি তাদের মধ্যে একজন; আমি শক্তিহীনের মতো হয়েছি।
[5] আমি মৃতদের মধ্যে পরিত্যক্ত, আমি কবরে শুয়ে থাকা নিহতদের মতো, যাদের তুমি আর মনে রাখো না, আর যারা তোমার যত্ন থেকে বিচ্ছিন্ন হয়েছে।
[6] তুমি আমাকে সবচেয়ে নিচের গর্তে ছুঁড়ে ফেলেছ, সবচেয়ে অন্ধকারের অতলে।
[7] তোমার ক্রোধ আমাকে ভারাক্রান্ত করেছ; ঢেউয়ের পর ঢেউ দিয়ে তুমি আমাকে আচ্ছন্ন করেছ।
[8] তুমি আমার প্রিয় বন্ধুদের আমার কাছ থেকে দূরে সরিয়েছ আর তাদের মাঝে আমাকে ঘৃণ্য করেছ। আমি অবরুদ্ধ, পালাতে পারি না;
[9] দুঃখে আমার চোখ ক্ষীণ হয়েছে। হে সদাপ্রভু, আমি প্রতিদিন তোমাকে ডাকি; তোমার প্রতি আমি আমার হাত উঠিয়েছি।
[10] তুমি কি তোমার আশ্চর্য কাজ মৃতদের দেখাও? তাদের মৃত আত্মা কি জেগে ওঠে ও তোমার প্রার্থনা করে?
[11] কবরের মধ্যে তোমার প্রেম আর ধ্বংসে তোমার বিশ্বস্ততা কি প্রচার হয়?
[12] অন্ধকারের স্থানে কি তোমার আশ্চর্য কাজ অথবা বিস্মৃতির দেশে কি তোমার ধার্মিক কার্যাবলি জানা যায়?
[13] হে সদাপ্রভু আমি তোমার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করি; সকালে আমার প্রার্থনা তোমার সম্মুখে রাখি।
[14] কেন, হে সদাপ্রভু তুমি আমাকে পরিত্যাগ করেছ আর তোমার মুখ আমার কাছ থেকে ঢেকে রেখেছ?
[15] আমার যৌবনকাল থেকে আমি কষ্ট পেয়েছি আর মৃত্যুর কাছে থেকেছি; আমি তোমার ত্রাস বহন করেছি আর হতাশায় রয়েছি।
[16] তোমার ক্রোধ আমাকে বিহ্বল করেছে; তোমার ত্রাস সকল আমাকে ধ্বংস করেছে।
[17] বন্যার মতো তা সারাদিন আমাকে ঘিরে রাখে; সম্পূর্ণভাবে তা আমাকে গ্রাস করেছে।
[18] বন্ধু ও প্রতিবেশীকে তুমি আমার কাছ থেকে দূর করেছ, অন্ধকার আমার সবচেয়ে কাছের বন্ধু।