[1] হে সদাপ্রভু, তোমার রাগে আমাকে তিরস্কার কোরো না ক্রোধে আমাকে শাসন কোরো না।
[2] তোমার তিরগুলি আমাকে বিদ্ধ করেছে, এবং তোমার হাত আমার উপর নেমে এসেছে।
[3] তোমার ক্রোধে আমার সারা শরীর জীর্ণ হয়েছে; আমার পাপের জন্য আমার হাড়গোড়ে কোনো শক্তি নেই।
[4] আমার দোষভার আমাকে বিচলিত করেছে এমন এক বোঝা যা বহন করা খুবই কষ্টকর।
[5] আমার পাপের মূর্খতায় আমার দেহের ক্ষতস্থানগুলি আজ দূষিত ও দুর্গন্ধময় হয়েছে।
[6] আমি আজ অবনত হয়েছি ও অত্যন্ত নুয়ে পড়েছি; বিষণ্ণ মনে আমার সারাদিন কাটছে।
[7] এক তীব্র যন্ত্রণা আমার দেহকে জীর্ণ করেছে; আমার প্রাণে কোনও স্বাস্থ্য নেই।
[8] আমি জীর্ণ ও সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছি, তীব্র মনোবেদনায় আমি হাহাকার করছি।
[9] হে প্রভু, আমার সমস্ত কামনা তোমার সামনে উন্মুক্ত, আমার দীর্ঘশ্বাস তোমার কাছে গুপ্ত নয়।
[10] আমার হৃদয় কম্পিত, আমার শক্তি নিঃশেষ হয়েছে, আমার চোখ থেকে আমার দৃষ্টি হারিয়েছে।
[11] আমার ব্যাধির জন্য আমার বন্ধু ও প্রিয়জনেরা আমাকে ত্যাগ করেছে, আমার প্রতিবেশীরাও আমার থেকে দূরে থাকে।
[12] যারা আমার প্রাণ নিতে চায় তারা আমার জন্য ফাঁদ পেতেছে, যারা আমার অনিষ্ট করতে চায় তারা আমার ধ্বংসের কথা বলে; সারাদিন ধরে তারা ছলনার ষড়যন্ত্র করে।
[13] আমি বধিরের মতো হয়েছি যে কানে শুনতে পারে না, বোবার মতো হয়েছি যে কথা বলতে পারে না।
[14] আমি এমন এক ব্যক্তির মতো হয়েছি যে কিছুই শুনতে পারে না, যার মুখ কোনো উত্তর দিতে পারে না।
[15] হে সদাপ্রভু, আমি তোমার অপেক্ষায় আছি; তুমি আমায় উত্তর দেবে, হে প্রভু আমার ঈশ্বর।
[16] আমি প্রার্থনা করি, “আমার শত্রুরা যেন আমার পতনে আমাকে নিয়ে উল্লাস না করে বা আনন্দ না করে।”
[17] আমার পতন আসন্ন, আর যন্ত্রণা প্রতিনিয়ত আমার সঙ্গী।
[18] আমি আমার অপরাধ স্বীকার করি; আমার পাপের জন্য আমি অত্যন্ত অনুতপ্ত।
[19] অনেকে অকারণে আমার শত্রু হয়েছে, অসংখ্য লোকে বিনা কারণে আমাকে ঘৃণা করে।
[20] যারা আমার উপকারের বিনিময়ে অপকার করে তারা আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে, যদিও আমি ভালো করারই চেষ্টা করি।
[21] হে সদাপ্রভু, আমাকে পরিত্যাগ কোরো না; হে আমার ঈশ্বর, তুমি আমার থেকে দূরে থেকো না।
[22] হে আমার প্রভু ও আমার রক্ষাকর্তা, শীঘ্রই এসে আমাকে সাহায্য করো।