[1] হে ঈশ্বর, ওঠো, তোমার শত্রুদের ছিন্নভিন্ন করো; যারা ঈশ্বরকে ঘৃণা করে তারা তাদের জীবন নিয়ে পালিয়ে যাক।
[2] তুমি তাদের ধোঁয়ার মতো উড়িয়ে দিয়েছ— যেমন আগুনে মোম গলে যায়, ঈশ্বরের সামনে দুষ্টরা সেইরূপ বিনষ্ট হোক।
[3] কিন্তু ধার্মিক আনন্দিত হোক আর ঈশ্বরের সম্মুখে উল্লাসিত হোক; তারা খুশি হোক আর আহ্লাদিত হোক।
[4] ঈশ্বরের প্রতি গান করো, তাঁর নামের উদ্দেশে প্রশংসাগান গাও, যিনি মেঘের উপর চড়ে যাত্রা করেন তাঁর উচ্চপ্রশংসা করো; তাঁর সামনে উল্লাস করো—তাঁর নাম সদাপ্রভু।
[5] ঈশ্বর অনাথদের বাবা আর বিধবাদের পক্ষসমর্থনকারী; তাঁর আবাস পবিত্র।
[6] যারা একাকী ঈশ্বর তাদের পবিবার দেন, তিনি বন্দিদের মুক্ত করেন আর তাদের আনন্দ দেন; কিন্তু বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বাস করে।
[7] হে ঈশ্বর, যখন তুমি তোমার লোকেদের মিশর দেশ থেকে বের করলে, যখন তুমি মরুপ্রান্তরের মধ্যে দিয়ে অগ্রসর হলে,
[8] পৃথিবী কেঁপে উঠল, আকাশমণ্ডল বৃষ্টি ঢেলে দিল, সীনয়ের ঈশ্বর, ঈশ্বরের সম্মুখে, ইস্রায়েলের ঈশ্বর, ঈশ্বরের সম্মুখে।
[9] তুমি প্রচুর বৃষ্টিধারা দিলে, হে ঈশ্বর; তোমার পরিশ্রান্ত অধিকারকে তুমি সতেজ করে তুললে।
[10] তোমার লোকেরা সেই দেশে বসতি স্থাপন করল, আর হে ঈশ্বর, তোমার প্রাচুর্য থেকে তুমি দরিদ্রদের যোগান দিলে।
[11] সদাপ্রভু বাক্য ঘোষণা করেন, আর শুভবার্তার প্রচারিকাগণ এক মহান বাহিনী:
[12] “রাজারা আর সৈন্যরা দ্রুত পালিয়ে যায়; মহিলারা লুট করা দ্রব্য বাড়িতে ভাগ করে।
[13] এমনকি যারা মেষের খোঁয়াড়ে বাস করত তাঁরাও ধনসম্পদ খুঁজে পেল— রুপোর ডানাসহ ঘুঘু আর সোনার পালক।”
[14] সল্মন পর্বতে তুষারপাতের মতো সর্বশক্তিমান সেই দেশে রাজাদের ছিন্নভিন্ন করলেন।
[15] বাশনের পর্বতমালা মহিমান্বিত, অনেক উঁচু শৃঙ্গ আকাশচুম্বী।
[16] হে রুক্ষ পর্বত, কেন তুমি সেই পর্বতের দিকে হিংসার দৃষ্টিতে তাকাও যে পর্বত ঈশ্বর শাসন করার জন্য বেছে নিয়েছেন, আর যে পর্বতে সদাপ্রভু চিরকাল বাস করবেন।
[17] ঈশ্বরের রথ দশ হাজার এবং হাজারের হাজার; সদাপ্রভু সীনয় পর্বত থেকে তাঁর পবিত্রস্থানে এসেছেন।
[18] যখন তুমি ঊর্ধ্বে আরোহণ করেছিলে তুমি অনেক বন্দিদের নিয়েছিলে; তুমি লোকেদের কাছ থেকে উপহার পেয়েছ, এমনকি যারা বিদ্রোহী তাদের কাছ থেকেও— যেন তুমি, হে সদাপ্রভু ঈশ্বর, সেখানে বাস করো।
[19] প্রভু ঈশ্বর, আমাদের রক্ষাকর্তার প্রশংসা হোক, যিনি দৈনিক আমাদের বোঝা বহন করেন।
[20] আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যিনি পরিত্রাণ দেন; সার্বভৌম সদাপ্রভু মৃত্যু থেকে আমাদের উদ্ধার করেন।
[21] নিশ্চয় ঈশ্বর তাঁর শত্রুদের মাথা, এবং তাদের চুলের মুকুট চূর্ণ করবেন যারা পাপের পথ ভালোবাসে।
[22] সদাপ্রভু বলেন, “আমি তাদের বাশন থেকে নিয়ে আসব; সমুদ্রের অতল থেকে আমি তাদের নিয়ে আসব,
[23] যেন তোমার পা তোমার বিপক্ষদের রক্তের মধ্যে দিয়ে হাঁটতে পারে, এবং তোমার কুকুরদের জিভ যেন তাদের ভাগ পায়।”
[24] তোমার শোভাযাত্রা, হে ঈশ্বর, আমাদের চোখে পড়েছে, আমার ঈশ্বর ও রাজার পবিত্রস্থানে যাওয়ার শোভাযাত্রা।
[25] সবার সামনে গায়কগণ, তারপর সুরকারগণ; তাদের সঙ্গে খঞ্জনি বাজিয়ে যুবতী মহিলারা।
[26] মহা ধর্মসভায় ঈশ্বরের প্রশংসা হোক; ইস্রায়েলের সমাবেশে সদাপ্রভুর প্রশংসা হোক।
[27] ক্ষুদ্র বিন্যামীন গোষ্ঠী সকলের আগে আগে চলেছে, যিহূদা গোষ্ঠীর শাসকদের এক বিরাট দল, এবং আছে সবূলূন আর নপ্তালি গোষ্ঠীর শাসকগণ।
[28] তোমার পরাক্রমকে তলব করো, হে ঈশ্বর; যেমন তুমি আগে করেছ সেইরূপ তোমার শক্তি আমাদের দেখাও, হে আমাদের ঈশ্বর।
[29] জেরুশালেমে তোমার মন্দিরের কারণে রাজাগণ তোমার প্রতি উপহার নিয়ে আসবে।
[30] নলবনের মধ্যে বন্যপশুকে তিরস্কার করো, জাতিগণের বাছুরদের মধ্যে বলদের পালকে তিরস্কার করো। নম্র হয়ে, বন্যপশুরা রুপোর দণ্ড নিয়ে আসুক। যারা যুদ্ধ ভালোবাসে তাদের ছিন্নভিন্ন করে দাও।
[31] মিশর থেকে রাজদূতের দল আসবে; কূশ নিজেদেরকে ঈশ্বরের সম্মুখে সমর্পণ করবে।
[32] পৃথিবীর সকল রাজ্যগণ, তোমরা ঈশ্বরের প্রতি গান করো, প্রভুর প্রতি প্রশংসাগান করো,
[33] তাঁর প্রতি করো যিনি সর্বোচ্চ আকাশমণ্ডল, প্রাচীন আকাশমণ্ডল দিয়ে যাত্রা করেন, যিনি পরাক্রমের কণ্ঠস্বরে গর্জন করেন।
[34] ঈশ্বরের শক্তির প্রচার করো, যার মহিমা ইস্রায়েলের উপরে উজ্জ্বল হয়, যার শক্তি আকাশমণ্ডলে মহৎ।
[35] হে ঈশ্বর, তোমার পবিত্রস্থানে তুমি ভয়াবহ; ইস্রায়েলের ঈশ্বর তাঁর ভক্তদের শক্তি আর সামর্থ্য প্রদান করেন। ঈশ্বরের প্রশংসা হোক!