Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:06

[1] হে ধার্মিকগণ, সদাপ্রভুর আনন্দধ্বনি করো; তাঁর প্রশংসা করা ন্যায়পরায়ণদের উপযুক্ত।

[2] তোমরা বীণাতে সদাপ্রভুর প্রশংসা করো; দশতন্ত্রী সুরবাহারে তাঁর উদ্দেশে সঙ্গীত করো।

[3] তাঁর উদ্দেশে নতুন গান গাও; নিপুণ হাতে বাজাও ও আনন্দধ্বনি করো।

[4] সদাপ্রভুর বাক্য সঠিক ও সত্য; তিনি যা কিছু করেন সবকিছুতেই বিশ্বস্ত।

[5] সদাপ্রভু ন্যায়বিচার ও ধার্মিকতা ভালোবাসেন; পৃথিবী তাঁর অবিচল প্রেমে পূর্ণ।

[6] সদাপ্রভুর বাক্যে আকাশমণ্ডল সৃষ্টি হয়েছিল, তাঁর মুখের নিঃশ্বাসে তারকারাশি তৈরি হয়েছিল।

[7] তিনি সমুদ্রের সীমানা নির্দিষ্ট করেন এবং মহাসমুদ্রের জলরাশি জলাধারে সঞ্চিত করেন।

[8] সমস্ত পৃথিবী সদাপ্রভুকে সম্ভ্রম করুক; জগতের সব লোক তাঁর সমাদর করুক।

[9] কারণ তিনি কথা বললেন, আর সৃষ্টি হল; তিনি আদেশ দিলেন আর স্থিতি হল।

[10] জাতিগণের পরিকল্পনা সদাপ্রভু ব্যর্থ করেন; মানুষের সঙ্কল্প সকল তিনি বিফল করেন।

[11] কিন্তু সদাপ্রভুর পরিকল্পনা চিরস্থায়ী হয়, তাঁর হৃদয়ের উদ্দেশ্য বংশের পর বংশ স্থায়ী হয়।

[12] ধন্য সেই জাতি, যার ঈশ্বর সদাপ্রভু, সেই সমাজ যাকে তিনি তাঁর অধিকারের জন্য মনোনীত করেছেন।

[13] স্বর্গ থেকে সদাপ্রভু দৃষ্টিপাত করেন এবং সকল মানবজাতিকে দেখেন;

[14] যারা পৃথিবীতে বাস করে তাদের তিনি আপন বাসস্থান থেকে লক্ষ্য করেন।

[15] তিনি তাদের হৃদয় তৈরি করেছেন, তাই তারা যা কিছু করে তিনি সব বুঝতে পারেন।

[16] কোনো রাজা তার সৈন্যের আকারে রক্ষা পায় না; কোনো যোদ্ধা নিজের শক্তিবলে পালাতে পারে না।

[17] জয়লাভের জন্য নিজের ঘোড়ার উপর নির্ভর কোরো না, বিপুল সামর্থ্য থাকা সত্বেও তা তোমাকে রক্ষা করতে পারে না।

[18] কিন্তু সদাপ্রভুর দৃষ্টি তাদের প্রতি আবদ্ধ যারা তাঁকে সম্ভ্রম করে আর যারা তাঁর অবিচল প্রেমে আস্থা রাখে,

[19] তিনি মৃত্যু থেকে তাদের উদ্ধার করেন, এবং দুর্ভিক্ষের সময়ে তাদের প্রাণরক্ষা করেন।

[20] আমরা সদাপ্রভুর প্রতীক্ষায় আছি; তিনি আমাদের সহায় ও আমাদের ঢাল।

[21] আমাদের হৃদয় সদাপ্রভুতে আনন্দ করে, কারণ আমরা তাঁর পবিত্র নামে আস্থা রাখি।

[22] হে সদাপ্রভু, তোমার অবিচল প্রেম আমাদের উপর বিরাজ করুক, কারণ তোমার উপরই আমরা আশা করি।

গীত — Chapters