[1] এসো, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দগান করি; আমাদের পরিত্রাণের শৈলের প্রতি উচ্চস্বরে গান গাই।
[2] আমরা ধন্যবাদের সঙ্গে তাঁর সম্মুখে যাই সঙ্গীত ও গান দিয়ে তাঁর উচ্চপ্রশংসা করি।
[3] কারণ সদাপ্রভু মহান ঈশ্বর, সব দেবতাদের উপর মহান রাজা।
[4] পৃথিবীর গভীরস্থান তাঁর হস্তগত, এবং পর্বতগণের চূড়া তাঁরই অধীন।
[5] সমুদ্র তাঁরই কেননা তিনি তা তৈরি করেছেন, আর তাঁর হাত শুষ্ক জমি নির্মাণ করেছে।
[6] এসো, আমরা আরাধনায় তাঁর সামনে নত হই, আমরা সদাপ্রভু আমাদের সৃষ্টিকর্তার সামনে হাঁটু পেতে বসি;
[7] কারণ তিনি আমাদের ঈশ্বর আর আমরা তাঁর চারণভূমির প্রজা, ও মেষ যাদের তিনি যত্ন করেন। আজই, যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শুনতে পাও,
[8] “যেমন মরীবায় করেছিলে, তেমন নিজের হৃদয় কঠিন কোরো না, মরুপ্রান্তরে মঃসার দিনে যেমন করেছিলে,
[9] যেখানে তোমার পূর্বপুরুষেরা আমাকে পরীক্ষা করেছিল; আমাকে যাচাই করেছিল, যদিও আমি যা করেছিলাম তারা সব দেখেছিল।
[10] চল্লিশ বছর পর্যন্ত সেই প্রজন্মের প্রতি আমি ক্রুদ্ধ ছিলাম; আমি বলেছিলাম, ‘তারা এমন ধরনের লোক যাদের হৃদয় বিপথে যায়, আর তারা আমার পথসকল জানে না।’
[11] তাই আমার ক্রোধে আমি এক শপথ করেছিলাম, ‘তারা আমার বিশ্রামের দেশে প্রবেশ করবে না।’ ”