[1] হে ঈশ্বর, আমাকে রক্ষা করো, কারণ আমার গলা পর্যন্ত জল উঠে এসেছে।
[2] আমি গভীর পাঁকে ডুবেছি, যেখানে দাঁড়াবার স্থান নেই। আমি গভীর জলে আছি; আর বন্যা আমাকে ঢেকে ফেলেছে।
[3] সাহায্যের প্রার্থনা করতে করতে আমি ক্লান্ত হয়েছি; আমার গলা শুকিয়ে গেছে। আমার ঈশ্বরের খোঁজ করতে করতে আমার দৃষ্টি ব্যর্থ হয়েছে।
[4] যারা আমাকে অকারণে ঘৃণা করে আমার মাথার চুল থেকেও তারা সংখ্যায় বেশি; বিনা কারণে অনেকে আমার শত্রু, যারা আমাকে ধ্বংস করতে চায়। যা আমি চুরি করিনি তা ফিরিয়ে দিতে আমাকে বাধ্য করা হয়।
[5] হে ঈশ্বর, তুমি আমার মূর্খতা জানো; আমার দোষ তোমার কাছে ঢাকা নেই।
[6] প্রভু, হে সর্বশক্তিমান সদাপ্রভু, যারা তোমাতে আশা রাখে তারা যেন আমার জন্য অপমানিত না হয়; হে ইস্রায়েলের ঈশ্বর, যারা তোমাকে অন্বেষণ করে তারা যেন আমার জন্য লজ্জিত না হয়।
[7] তোমার কারণে আমি ঘৃণা সহ্য করি, এবং লজ্জা আমার মুখ ঢেকে দেয়।
[8] আমার নিজের পরিবারের কাছে আমি এক বিদেশি, আমার নিজের মায়ের ছেলেমেয়েদের কাছে আমি অপরিচিত;
[9] তোমার গৃহের জন্য আবেগ আমাকে গ্রাস করে, আর যারা তোমাকে অপমান করে তাদের অপমান আমার উপরে আসে।
[10] যখন আমি ঘুমাই আর উপবাস করি, তারা আমাকে উপহাস করে;
[11] যখন আমি চট পরি, লোকেরা আমাকে নিয়ে মজা করে।
[12] যারা প্রবেশপথে বসে তারা আমাকে উপহাস করে, আর সব মাতাল আমাকে নিয়ে গান করে।
[13] কিন্তু, হে সদাপ্রভু, তোমার অনুগ্রহের সময়ে আমি তোমার কাছে প্রার্থনা করি; হে ঈশ্বর, তোমার মহান প্রেমে তোমার নিশ্চিত পরিত্রাণে আমাকে উত্তর দাও।
[14] আমাকে পাঁক থেকে উদ্ধার করো, আমাকে ডুবে যেতে দিয়ো না; যারা আমাকে ঘৃণা করে তাদের থেকে আর গভীর জল থেকে আমাকে উদ্ধার করো।
[15] বন্যার জল যেন আমাকে আচ্ছন্ন না করে গভীর জল যেন আমাকে গ্রাস না করে মৃত্যুর গর্ত যেন আমাকে না গিলে ফেলে।
[16] হে সদাপ্রভু, তোমার প্রেমের উত্তমতায় আমাকে উত্তর দাও; তোমার মহান দয়াতে আমার দিকে ফেরো।
[17] তোমার দাসের কাছ থেকে তোমার মুখ লুকিয়ে রেখো না; আমাকে শীঘ্রই উত্তর দাও, কারণ আমি বিপদে রয়েছি।
[18] আমার কাছে এসো আর আমাকে উদ্ধার করো; আমার শত্রুদের হাত থেকে আমাকে মুক্ত করো।
[19] তুমি জানো আমি কীভাবে তুচ্ছ, অপমানিত আর লজ্জিত হয়েছি; আমার সব শত্রুরা তোমার সম্মুখে।
[20] উপহাস আমার হৃদয় ভেঙেছে আর আমাকে অসহায় করেছে; আমি সহানুভূতি খুঁজলাম কিন্তু পেলাম না, সান্ত্বনাকারীদের খুঁজলাম কিন্তু কাউকে পেলাম না।
[21] তারা আমার খাবারে পিত্তরস মিশিয়েছে আর আমার তৃষ্ণা মেটাতে অম্লরস দিয়েছে।
[22] তাদের সাজানো মেজ তাদের জন্য জাল হয়ে উঠুক; এবং তাদের সুরক্ষা ফাঁদ হয়ে উঠুক।
[23] তাদের চোখ অন্ধকারে পূর্ণ হোক যেন তারা দেখতে না পায়, এবং তাদের পিঠ চিরকাল বেঁকে থাকুক।
[24] তোমার ক্রোধ তাদের উপর ঢেলে দাও; তোমার প্রচণ্ড রাগ তাদের গ্রাস করুক।
[25] তাদের বাসস্থান শূন্য হোক; তাদের তাঁবুতে বাস করার জন্য যেন কেউ না থাকে।
[26] তুমি যাদের আঘাত দিয়েছ তাদের প্রতি ওরা অত্যাচার করে আর যাদের তুমি আহত করেছ তাদের সম্বন্ধে ওরা কথা বলে।
[27] অপরাধের পর অপরাধ দিয়ে তাদের অভিযুক্ত করো; ওরা যেন তোমার পরিত্রাণের ভাগীদার না হয়।
[28] তাদের নাম যেন জীবনের বই থেকে মুছে দেওয়া হয় আর ধার্মিকদের সাথে যেন তাদের গণ্য না করা হয়।
[29] কিন্তু আমি পীড়িত, আর ব্যাথায় আছি— হে ঈশ্বর, তোমার পরিত্রাণ আমাকে রক্ষা করুক।
[30] গানের মাধ্যমে আমি ঈশ্বরের নামের প্রশংসা করব ধন্যবাদ সহকারে আমি তাঁকে গৌরবান্বিত করব।
[31] বলদকে বলি দেওয়ার থেকে এসব সদাপ্রভুকে তুষ্ট করবে, এমনকি শিং ও খুর সহ ষাঁড়ের বলি অপেক্ষাও।
[32] দরিদ্র এসব দেখবে আর আনন্দিত হবে— তোমরা যারা ঈশ্বরকে অন্বেষণ করো, তোমাদের হৃদয় বেঁচে থাকুক!
[33] সদাপ্রভু দরিদ্রদের কান্না শোনেন এবং তাঁর বন্দি লোকেদের তুচ্ছ করেন না।
[34] স্বর্গ ও পৃথিবী, সমুদ্র ও যা কিছু তাতে জীবিত, তাঁর প্রশংসা করুক,
[35] কারণ ঈশ্বর সিয়োনকে রক্ষা করবেন এবং যিহূদার নগরসকল পুনর্গঠন করবেন। তখন লোকেরা সেখানে বাস করবে আর তা দখল করবে;
[36] তাঁর সেবকগণের সন্তানসন্ততিরা তা অধিকার করবে, আর যারা তাঁর নাম ভালোবাসে তারা সেখানে বাস করবে।