Skip to content
Opens in a new window
Listen to this chapter • 7:46

[1] সদাপ্রভুর প্রশংসা করো। সদাপ্রভুকে ধন্যবাদ দাও, কারণ তিনি মঙ্গলময়; তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[2] কে সদাপ্রভুর পরাক্রমী কার্যাবলি প্রচার করতে পারে অথবা তাঁর প্রশংসা সম্পূর্ণ ঘোষণা করতে পারে?

[3] ধন্য তারা, যারা ন্যায় কাজ করে, এবং যা সঠিক তা সর্বদা পালন করে।

[4] আমাকে মনে রেখো, হে সদাপ্রভু, যখন তুমি তোমার প্রজাদের উপর অনুগ্রহ করো, যখন তুমি তাদের রক্ষা করো, আমাকে সাহায্য করো,

[5] যেন আমি তোমার মনোনীতদের সমৃদ্ধি দেখতে পাই, যেন তোমার জাতির আনন্দে ভাগীদার হতে পারি এবং তোমার অধিকারের সঙ্গে যোগ দিয়ে ধন্যবাদ দিতে পারি।

[6] আমরা পাপ করেছি, যেমন আমাদের পূর্বপুরুষেরাও করেছে; আমরা অপরাধ করেছি এবং অধর্মাচরণ করেছি।

[7] আমাদের পূর্বপুরুষেরা যখন মিশরে ছিল, তারা তোমার আশ্চর্য কাজসকল বিবেচনা করেনি, তারা তোমার অপার দয়ার কথা মনে রাখেনি, বরং সাগরের তীরে, লোহিত সাগরের তীরে, তারা বিদ্রোহী হয়েছিল।

[8] তবুও তাঁর নামের গুণে এবং তাঁর মহাপরাক্রম প্রকাশ করার উদ্দেশে, তিনি তাদের রক্ষা করেছিলেন।

[9] তিনি লোহিত সাগরকে তিরস্কার করলেন আর তা শুকিয়ে গেল; মরুভূমির মতো সমুদ্রতলের মধ্য দিয়ে তিনি তাদের নিয়ে গেলেন।

[10] তিনি বিপক্ষদের কবল থেকে তাদের রক্ষা করলেন; শত্রুদের হাত থেকে তিনি তাদের মুক্ত করলেন।

[11] জলধিস্রোত তাদের প্রতিপক্ষদের গ্রাস করল এক জনও বেঁচে রইল না।

[12] তখন তারা তাঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস করল এবং তাঁর প্রশংসা করল।

[13] কিন্তু তারা অবিলম্বে তাঁর কর্মসকল ভুলে গেল, এবং তাঁর সুমন্ত্রণার অপেক্ষাতেও রইল না।

[14] মরুভূমিতে তারা তাদের আকাঙ্ক্ষায় আসক্ত হল; মরুপ্রান্তরে তারা ঈশ্বরের পরীক্ষা করল।

[15] তাই তিনি তাদের প্রার্থিত বস্তু দিলেন, কিন্তু তার সঙ্গে তাদের মধ্যে ক্ষয়রোগ পাঠালেন।

[16] তারা শিবিরের মধ্যে মোশির প্রতি আর সদাপ্রভুর পবিত্র হারোণের প্রতি ঈর্ষা করল।

[17] পৃথিবী বিভক্ত হয়ে দাথনকে গ্রাস করল; অবীরাম ও তার দলবলকে সমাধিস্থ করল।

[18] তাদের অনুসরণকারীদের মাঝে আগুন জ্বলে উঠল; অগ্নিশিখা দুষ্টদের দগ্ধ করল।

[19] সীনয় পর্বতে তারা এক বাছুর নির্মাণ করল এবং ধাতু নির্মিত সেই মূর্তির আরাধনা করল।

[20] এভাবে তারা তাদের গৌরবের ঈশ্বরের সাথে ঘাস খাওয়া এক বলদের প্রতিমা বিনিময় করল।

[21] যে ঈশ্বর তাদের রক্ষা করেছিলেন তারা তাঁকে ভুলে গেল, যিনি মিশরে মহান কাজ করেছিলেন,

[22] হামের দেশে বিভিন্ন আশ্চর্য কাজ, আর লোহিত সাগরতীরে ভয়াবহ কর্মসকল,

[23] তাই তিনি বললেন যে তিনি তাদের ধ্বংস করবেন; কিন্তু মোশি, তাঁর মনোনীত সেবক, সদাপ্রভু ও তাঁর লোকেদের মাঝে দাঁড়ালেন, তিনি তাঁর কাছে প্রার্থনা করলেন যেন তিনি তাঁর ক্রোধ থেকে মুখ ফেরান এবং তাদের ধ্বংস না করেন।

[24] এরপর তারা সেই মনোরম দেশটিকে তুচ্ছ করল; তারা তাঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস করল না।

[25] নিজেদের তাঁবুতে তারা অভিযোগ করল, আর সদাপ্রভুর আদেশ পালন করল না।

[26] তাই তিনি তাদের বিরুদ্ধে হাত তুলে শপথ করলেন, যে তিনি তাদের মরুপ্রান্তরে বিনাশ করবেন,

[27] যে তিনি তাদের বংশধরদের বিভিন্ন জাতির মধ্যে বিক্ষিপ্ত করবেন, এবং তাদের বিভিন্ন দেশে ছড়িয়ে দেবেন।

[28] তারপর তারা পিয়োরের বায়াল-দেবতার আরাধনায় যুক্ত হল এবং প্রাণহীন দেবতাদের প্রতি নিবেদিত বলি ভোজন করল;

[29] তাদের সকল অনাচারে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত করল, আর তাদের মধ্যে এক মহামারি নেমে এল।

[30] তখন পীনহস উঠে দাঁড়িয়ে মধ্যস্থতা করল, আর মহামারি বন্ধ হল।

[31] এই কাজ তার পক্ষে ধার্মিকতা বলে পুরুষানুক্রমে চিরকালের জন্য গণ্য হল।

[32] মরীবার জলস্রোতের কাছে তারা সদাপ্রভুকে ক্রুদ্ধ করল, আর তাদেরই জন্য মোশির বিপদ ঘটল;

[33] কেননা তারা ঈশ্বরের আত্মার বিরুদ্ধে বিদ্রোহ করল, আর তাই বেপরোয়া কথা মোশির মুখে উচ্চারিত হল।

[34] তারা সব জাতিদের বিনাশ করল না যেমন সদাপ্রভু তাদের আদেশ দিয়েছিলেন,

[35] বরং তারা অন্যান্য জাতিদের সঙ্গে মিলেমিশে গেল আর তাদের রীতিনীতি গ্রহণ করল।

[36] তাদের প্রতিমাগুলির আরাধনা করল, আর সেইসব তাদের ফাঁদ হয়ে উঠল।

[37] এমনকি তারা তাদের পুত্রদের ও তাদের কন্যাদের মিথ্যা দেবতাদের উদ্দেশে বলি দিল।

[38] তারা নির্দোষের রক্তপাত করল, আপন পুত্রকন্যাদের রক্ত, যাদের তারা কনান দেশের প্রতিমাদের উদ্দেশে বলি দিল, আর তাদের রক্তে সারা দেশ কলুষিত হল।

[39] আপন কর্মের ফলে তারা নিজেদের অশুচি করল, নিজেদের ক্রিয়াকলাপে তারা ব্যভিচারী হল।

[40] তাই সদাপ্রভু নিজের লোকেদের উপর ক্রুদ্ধ হলেন তিনি আপন অধিকারকে ঘৃণা করলেন।

[41] তাদের তিনি জাতিগণের হাতে সমর্পণ করলেন, এবং তাদের বিপক্ষরা তাদের উপর শাসন করল।

[42] তাদের শত্রুরা তাদের উপর অত্যাচার করল এবং তাদের শত্রুদের শক্তির সামনে তারা নত হল।

[43] বহুবার তিনি তাদের উদ্ধার করলেন, কিন্তু তারা স্বেচ্ছায় তাঁর বিরুদ্ধে বিদ্রোহী হল, আর শেষে তারা নিজেদের পাপে ধ্বংস হল।

[44] কিন্তু যখন তিনি তাদের কান্না শুনলেন, তিনি তাদের দুর্দশার প্রতি দৃষ্টিপাত করলেন;

[45] তাদের সুবিধার্থে তিনি নিজের নিয়ম স্মরণ করলেন এবং তাঁর মহান প্রেমের কারণে তিনি নরম হলেন।

[46] যারা তাদের দাসত্বে বন্দি করেছিল, তিনি তাদের অন্তরে করুণার সঞ্চার করলেন।

[47] হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, আমাদের রক্ষা করো, জাতিগণের মধ্য থেকে আমাদের একত্রিত করো, যেন আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করতে পারি, এবং তোমার প্রশংসায় মহিমা করতে পারি।

[48] ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভুর প্রশংসা হোক, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত, সব লোকে বলুক, “আমেন!” সদাপ্রভুর প্রশংসা করো।

গীত — Chapters