[1] হে সদাপ্রভু, দাউদকে মনে রেখো আর তার সকল আত্মত্যাগ।
[2] তিনি সদাপ্রভুর কাছে এক শপথ করেছিলেন, তিনি যাকোবের পরাক্রমী ব্যক্তির কাছে মানত করেছিলেন:
[3] “আমি নিজ গৃহে প্রবেশ করব না অথবা নিজের বিছানায় শয়ন করব না,
[4] আমি নিজের চোখে ঘুম আসতে দেব না অথবা চোখের পাতায় তন্দ্রা আসতে দেব না,
[5] যতদিন না পর্যন্ত আমি সদাপ্রভুর জন্য এক স্থান খুঁজে পাই, যাকোবের পরাক্রমী ব্যক্তির জন্য এক আবাস।”
[6] দেখো, আমরা ইফ্রাথায় তাঁর সংবাদ শুনেছিলাম জায়ারের প্রান্তরে তাঁর সন্ধান পেয়েছিলাম:
[7] “চলো, আমরা তাঁর আবাসে যাই, তাঁর পাদপীঠে আমরা তাঁর আরাধনা করি, এই বলে,
[8] ‘হে সদাপ্রভু, ওঠো, আর তোমার বিশ্রামস্থানে এসো, তুমি ও তোমার পরাক্রমের সিন্দুক।
[9] তোমার পুরোহিতবৃন্দ যেন তোমার ধার্মিকতায় বিভূষিত হয়, তোমার বিশ্বস্ত লোকেরা তোমার আনন্দগান করুক।’ ”
[10] তোমার দাস দাউদের কারণে তোমার অভিষিক্ত ব্যক্তিকে পরিত্যাগ কোরো না।
[11] সদাপ্রভু দাউদের কাছে এক শপথ করেছিলেন, এক সুনিশ্চিত শপথ, যা তিনি ভাঙবেন না: “তোমার বংশে জাত এক সন্তানকে আমি তোমার সিংহাসনে বসাব।
[12] যদি তোমার সন্তানেরা আমার নিয়ম মান্য করে এবং বিধিবিধান যা আমি তাদের শিক্ষা দিই, তবে তাদের সন্তানেরা যুগ যুগ ধরে তোমার সিংহাসনে বসবে।”
[13] সদাপ্রভু জেরুশালেমকে মনোনীত করেছেন, তিনি আপন নিবাসের জন্য তা বাসনা করেছেন, এই বলে,
[14] “এই আমার চিরকালের বিশ্রামস্থান; আমি এই স্থানেই অধিষ্ঠিত রইব, কারণ আমি এই বাসনা করেছি।
[15] আমি এই স্থানকে আশীর্বাদ করব আর সমৃদ্ধশালী করব; তার দরিদ্রদের আমি খাবার দিয়ে পরিতৃপ্ত করব।
[16] আমি তার যাজকদের পরিত্রাণ দিয়ে আবৃত করব, আর তার বিশ্বস্ত দাসেরা আনন্দের গান করবে।
[17] “আমি এখানে দাউদের জন্য এক শিং উত্থাপন করব এবং আমার অভিষিক্ত ব্যক্তির জন্য একটি প্রদীপ জ্বেলে দেবো।
[18] আমি তাঁর শত্রুদের লজ্জায় আবৃত করব, কিন্তু তাঁর মাথা উজ্জ্বল মুকুটে সুশোভিত হবে।”