Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:10

[1] সদাপ্রভুর প্রশংসা করো, আমাদের ঈশ্বরের উদ্দেশে প্রশংসা করা কত উত্তম, তাঁর প্রশংসা করা কত মনোরম ও যথাযোগ্য।

[2] সদাপ্রভু জেরুশালেমকে গড়ে তোলেন, তিনি নির্বাসিত ইস্রায়েলকে একত্র করেছেন।

[3] তিনি ভগ্নচিত্তদের সুস্থ করেন, এবং তাদের সকল ক্ষতস্থান তিনি বেঁধে দেন।

[4] আকাশের তারার সংখ্যা তিনি নির্ণয় করেন, এবং তাদের প্রত্যেককে তিনি নাম ধরে ডাকেন।

[5] মহান আমাদের প্রভু ও অতিশয় শক্তিমান, তার বোধশক্তির কোনো সীমা নেই।

[6] সদাপ্রভু নম্রচিত্তদের বাঁচিয়ে রাখেন কিন্তু দুষ্টদের ভূমিতে নিক্ষেপ করেন।

[7] স্তবসহ সদাপ্রভুর প্রতি ধন্যবাদ করো; বীণার ঝঙ্কারে আমাদের ঈশ্বরের উদ্দেশে গান গাও।

[8] তিনি মেঘরাশি দিয়ে আকাশকে আচ্ছন্ন করেন; তিনি পৃথিবীতে বৃষ্টি দেন, এবং তিনি পর্বতে ঘাস বৃদ্ধি করেন।

[9] তিনি পশুপালের জন্য খাবারের যোগান দেন এবং দাঁড়কাকের শাবকগুলিকে দেন, যখন তারা ডাকে।

[10] তিনি ঘোড়ার শক্তিতে আনন্দ করেন না, যোদ্ধার বলে তিনি সন্তুষ্ট হন না;

[11] সদাপ্রভু তাদের উপর সন্তুষ্ট যারা তাঁকে সম্ভ্রম করে, যারা তাঁর অবিচল প্রেমে আস্থা রাখে।

[12] হে জেরুশালেম, সদাপ্রভুর গুণকীর্তন করো; হে সিয়োন, তোমার ঈশ্বরের প্রশংসা করো।

[13] কারণ তিনি তোমার দরজার খিল দৃঢ় করেন, এবং তিনি তোমার মধ্যে তোমার লোকেদের আশীর্বাদ করেন।

[14] তিনি তোমার সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করেন, এবং খাঁটি গম দিয়ে তোমাকে পরিতৃপ্ত করেন।

[15] তিনি তাঁর আদেশ পৃথিবীতে প্রেরণ করেন; এবং তার বাক্য দ্রুতবেগে ছুটে যায়।

[16] তিনি সাদা উলের মতো বরফ ছড়িয়ে দেন এবং ছাইয়ের মতো তুষার ছিটিয়ে দেন।

[17] তিনি নুড়িপাথরের মতো শিলা নিক্ষিপ্ত করেন। তাঁর অতিশয় শীতের সম্মুখে কে দাঁড়াতে পারে?

[18] তিনি তাঁর বাক্য পাঠিয়ে সেই সমস্ত গলিয়ে দেন; তিনি আপন বায়ু জাগিয়ে তোলেন আর জল প্রবাহিত হয়।

[19] তিনি যাকোবের কাছে তাঁর বাক্য প্রকাশ করেছেন, ইস্রায়েলের কাছে তাঁর বিধি ও অনুশাসন।

[20] তিনি অন্য কোনো জাতির জন্য এসব করেননি; কারণ তাঁর বিধিনিয়ম তারা জানে না। সদাপ্রভুর প্রশংসা করো।

গীত — Chapters