[1] হে ঈশ্বর, তুমি রাজাকে ন্যায়পরায়ণতা আর রাজার পুত্রকে ধার্মিকতা প্রদান করো।
[2] তিনি ধার্মিকতায় তোমার ভক্তদের আর ন্যায়পরায়ণতায় তোমার পীড়িতদের বিচার করবেন।
[3] পর্বতগণ সকলের জন্য সমৃদ্ধি নিয়ে আসুক, আর পাহাড়গণ ধার্মিকতার ফল প্রদান করুক।
[4] তিনি সকলের মাঝে পীড়িতদের বিচার করুন আর অভাবীদের ছেলেমেয়েদের রক্ষা করুন; তিনি অত্যাচারীকে চূর্ণ করুন।
[5] যতদিন সূর্য থাকবে ততদিন আর যতদিন চন্দ্রের অস্তিত্ব রইবে, তিনি স্থায়ী হবেন, বংশপরম্পরায় হবেন।
[6] কাটা ঘাসের প্রান্তরে তিনি বৃষ্টির মতো নেমে আসবেন, জলধারার মতো যা পৃথিবীকে সেচন করে।
[7] তাঁর সময়ে ধার্মিক উন্নতি লাভ করবে আর চন্দ্রের শেষকাল পর্যন্ত সমৃদ্ধি উপচে পড়বে।
[8] তিনি সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত আর নদী থেকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত শাসন করুন।
[9] মরুভূমির গোষ্ঠীসকল তাঁর সামনে নত হবে এবং তাঁর শত্রুগণ মাটির ধুলো চাটবে।
[10] তর্শীশ আর সুদূর উপকূলবর্তী দেশের রাজাগণ তাঁর প্রতি নৈবেদ্য নিয়ে আসুক। শিবা ও সবার রাজাগণ তাঁর জন্য উপহার নিয়ে আসুক।
[11] সমস্ত রাজাগণ তাঁর সম্মুখে নত হোক আর সমস্ত জাতি তাঁর সেবা করুক।
[12] তিনি আর্তনাদকারী অভাবীদের আর অসহায় পীড়িতদের উদ্ধার করবেন।
[13] তিনি দরিদ্র ও অভাবীদের প্রতি দয়া করবেন এবং অভাবীদের মৃত্যু থেকে রক্ষা করবেন।
[14] তিনিই তাদের অত্যাচার ও হিংসা থেকে মুক্ত করবেন, কারণ তাঁর দৃষ্টিতে তাদের রক্ত মূল্যবান।
[15] রাজা দীর্ঘজীবী হোন! শিবা দেশের সোনা তাকে দেওয়া হোক। লোকেরা তার জন্য চিরকাল প্রার্থনা করুক এবং তাকে সর্বদা আশীর্বাদ করুক।
[16] দেশে শস্যের প্রাচুর্য হোক; পাহাড়ের উপরে সেইসব দুলুক। লেবাননের গাছের মতো ফলের গাছ উন্নতি লাভ করুক আর মাঠের ঘাসের মতো সমৃদ্ধ হোক।
[17] তাঁর নাম চিরকাল স্থায়ী হোক; ততদিন হোক যতদিন সূর্য আলো দেবে। সমগ্র জাতি তাঁর মাধ্যমে আশীর্বাদ পাবে, এবং তারা তাঁকে ধন্য বলবে।
[18] সদাপ্রভু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা হোক, কেবলমাত্র তিনিই চমৎকার কার্যাবলি সাধন করেন।
[19] চিরকাল তাঁর মহানামের প্রতি প্রশংসা হোক; আর সমস্ত পৃথিবী তাঁর মহিমায় পূর্ণ হোক। আমেন, আমেন।
[20] যিশয়ের পুত্র দাউদের প্রার্থনা সমাপ্ত হোলো।