[1] হে আমার ঈশ্বর, তুমি আমাকে নিরাপদে রাখো, কারণ আমি তোমাতেই আশ্রয় নিয়েছি।
[2] আমি সদাপ্রভুকে বললাম, “তুমিই আমার প্রভু; তুমি ছাড়া আমার কোনো মঙ্গল নেই।”
[3] জগতে যারা পবিত্রজন আছেন তাদের সম্বন্ধে আমি বলি, “তারা বিশিষ্ট ব্যক্তিসকল, আর আমি তাদের নিয়ে আমোদ করি।”
[4] যারা অন্য দেবতাদের পেছনে ছোটে তারা আরও বেশি কষ্ট পাবে; আমি সেই দেবতাদের উদ্দেশে রক্তের নৈবেদ্য উৎসর্গ করব না এমনকি তাদের নামও উচ্চারণ করব না।
[5] হে সদাপ্রভু, একমাত্র তুমিই আমার উত্তরাধিকার ও আশীর্বাদের পান-পাত্র; তুমি আমার অধিকার সুরক্ষিত করেছ।
[6] যে দেশ তুমি আমাকে দিয়েছ তা মনোরম দেশ; সত্যিই কত সুন্দর আমার উত্তরাধিকার।
[7] আমি সদাপ্রভুর প্রশংসা করি, যিনি আমায় সুমন্ত্রণা দেন; রাত্রিতেও আমার হৃদয় আমায় উপদেশ দেয়।
[8] আমি সর্বদা আমার চোখ সদাপ্রভুতে স্থির রাখি। তিনি আমার ডানপাশে আছেন, তাই আমি কখনও বিচলিত হব না।
[9] তাই আমার হৃদয় আনন্দিত এবং আমার জিভ উল্লাস করে; আমার দেহ নিরাপদে বিশ্রাম নেবে,
[10] কারণ তুমি কখনও আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না, তুমি তোমার বিশ্বস্তদের ক্ষয় দেখতে দেবে না।
[11] তুমি আমাকে জীবনের পথ দেখাও; তোমার সান্নিধ্য আমাকে আনন্দ দিয়ে পূর্ণ করবে, তোমার ডান হাতে আছে অনন্ত সুখ।