[1] হে ঈশ্বর, তোমার অবিচল প্রেম অনুযায়ী আমার উপর দয়া করো; তোমার অপার করুণা অনুযায়ী আমার সকল অপরাধ মার্জনা করো।
[2] আমার সকল অন্যায় মুছে দাও আর আমার পাপ থেকে আমাকে শুচি করো।
[3] কারণ আমি আমার অপরাধসকল জানি, আর আমার পাপ সর্বদা আমার সম্মুখে।
[4] তোমার বিরুদ্ধে, তোমারই বিরুদ্ধে, আমি পাপ করেছি আর তোমার দৃষ্টিতে যা অন্যায় তাই করেছি; অতএব তুমি তোমার বাক্যে ধর্মময় আর যখন বিচার করো তখন ন্যায়পরায়ণ।
[5] নিশ্চয়ই অপরাধে আমার জন্ম হয়েছে, পাপে আমার মা আমাকে গর্ভে ধারণ করেছিলেন।
[6] তবুও মাতৃগর্ভে তুমি বিশ্বস্ততা কামনা করেছিলে; সেই গোপন স্থানে তুমি আমাকে প্রজ্ঞা শিক্ষা দিয়েছিলে।
[7] আমার পাপ থেকে আমাকে শুদ্ধ করো, আর আমি শুচি হব; আমাকে পরিষ্কার করো, আর আমি বরফের থেকেও সাদা হব।
[8] আমাকে আনন্দ ও উল্লাসের বাক্য শোনাও; আমার হাড়গোড়, যা তুমি পিষে দিয়েছ, এখন আমোদ করুক।
[9] আমার পাপ থেকে তোমার মুখ লুকাও আর আমার সকল অন্যায় মার্জনা করো।
[10] হে ঈশ্বর, আমার মধ্যে এক বিশুদ্ধ হৃদয় সৃষ্টি করো, আর এক অবিচল আত্মা আমার মধ্যে সঞ্জীবিত করো।
[11] আমাকে তোমার সান্নিধ্য থেকে দূর কোরো না আর তোমার পবিত্র আত্মাকে আমার কাছ থেকে নিয়ো না।
[12] তোমার পরিত্রাণের আনন্দ আবার আমাকে ফিরিয়ে দাও আর আমাকে বাঁচিয়ে রাখতে এক ইচ্ছুক আত্মা দাও।
[13] তখন আমি অপরাধীদের তোমার পথ শিক্ষা দেব, যাতে পাপীরা তোমার দিকে ফিরে আসে।
[14] রক্তপাতের দোষ থেকে আমাকে উদ্ধার করো, হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর আমার রক্ষাকর্তা, আর আমার জিভ তোমার ন্যায়পরায়ণতার বিষয়ে গান করবে।
[15] হে সদাপ্রভু, আমার ঠোঁট খুলে দাও, আর আমার মুখ তোমার প্রশংসা ঘোষণা করবে।
[16] তুমি নৈবেদ্যতে আমোদ করো না, করলে আমি নিয়ে আসতাম; তুমি হোমবলি চাওনি।
[17] ভগ্ন আত্মা আমার নৈবেদ্য, হে ঈশ্বর; ভগ্ন ও অনুতপ্ত হৃদয় হে ঈশ্বর, তুমি তুচ্ছ করবে না।
[18] তুমি আপন অনুগ্রহে সিয়োনের মঙ্গল করো, জেরুশালেমের প্রাচীর নির্মাণ করো।
[19] তখন তুমি ধার্মিকদের নৈবেদ্যে আর সম্পূর্ণ হোমবলিতে আমোদ করবে; তখন লোকে তোমার বেদিতে বলদ উৎসর্গ করবে।