[1] ঈশ্বর, যিনি আমাদের বলো, তাঁর উদ্দেশে আনন্দগান করো; যাকোবের ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি করো!
[2] সঙ্গীত শুরু করো, খঞ্জনিতে তালি দাও, সুমধুর বীণা আর সুরবাহার বাজাও।
[3] অমাবস্যা ও পূর্ণিমায়, আমাদের উৎসবের দিনে, শিঙার সুদীর্ঘ শব্দ করো;
[4] ইস্রায়েলের জন্য এই হল ঈশ্বরের রায়, যাকোবের ঈশ্বরের আদেশ।
[5] যখন ঈশ্বর মিশরের বিরুদ্ধে অগ্রসর হলেন, তিনি যোষেফের মধ্যে এসব বিধিবিধান রূপে সাক্ষ্য স্থাপন করলেন। আমি এক অচেনা কণ্ঠস্বর শুনতে পেলাম:
[6] “আমি তাদের কাঁধ থেকে বোঝা সরিয়ে নিলাম; ঝুড়ি থেকে তাদের হাত নিষ্কৃতি দেওয়া হল।
[7] তোমার সঙ্কটে তুমি প্রার্থনা করলে আর আমি তোমাকে উদ্ধার করলাম, বজ্রবিদ্যুৎসহ মেঘের অন্তরাল থেকে আমি তোমাকে উত্তর দিলাম; মরীবার জলের ধারে আমি তোমাকে পরীক্ষা করলাম।
[8] হে আমার ভক্তসকল, আমার কথা শোনো, আর আমি তোমাদের সতর্ক করব— হে ইস্রায়েল, যদি তুমি আমার কথা শুনতে!
[9] তোমার মধ্যে আর কোনো অন্য দেবতা রইবে না; আমি ছাড়া আর কোনো দেবতার তুমি আরাধনা করবে না।
[10] আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর, যে তোমাদের মিশর দেশ থেকে বের করে এনেছে। তোমার মুখ বড় করে খোলো আর আমি তা পূর্ণ করব।
[11] “কিন্তু আমার লোকেরা আমার কথা শোনেনি; ইস্রায়েল আমার কাছে নিজেকে সমর্পণ করেনি।
[12] তাই আমি তাদের একগুঁয়ে হৃদয়ের হাতে তাদের ছেড়ে দিলাম যেন তারা নিজেদের মন্ত্রণায় চলে।
[13] “যদি আমার লোকেরা আমার কথা শুনত, যদি ইস্রায়েল আমার পথ অনুসরণ করত,
[14] কত দ্রুত আমি তাদের শত্রুদের দমন করতাম আর আমার হাত তাদের বিপক্ষদের বিরুদ্ধে তুলতাম!
[15] যারা সদাপ্রভুকে ঘৃণা করে তারা তাঁর সম্মুখে অবনত হবে, আর তাদের শাস্তি চিরকাল স্থায়ী হবে।
[16] কিন্তু আমি সর্বোত্তম গম দিয়ে তাদের খাবার যোগাব; আমি শৈলের মধু দিয়ে তাদের তৃপ্ত করব।”