Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:52

[1] আমার ঈশ্বর, আমার প্রশংসার পাত্র, নীরব থেকো না,

[2] দেখো, যারা দুষ্ট ও প্রতারক তারা আমার বিরুদ্ধে মুখ খুলেছে; ওদের মিথ্যাবাদী জিভ দিয়ে আমার বিরুদ্ধে কথা বলেছে।

[3] ঘৃণার বাক্য দিয়ে তারা আমাকে ঘিরে ফেলেছে; অকারণে তারা আমাকে আক্রমণ করে।

[4] আমার বন্ধুত্বের বিনিময়ে তারা আমাকে অভিযুক্ত করেছে, কিন্তু আমি প্রার্থনায় রত থেকেছি।

[5] তারা আমার উপকারের পরিবর্তে অপকার করেছে, এবং আমার বন্ধুত্বের বিনিময়ে ঘৃণা।

[6] আমার শত্রুর বিরুদ্ধে একজন দুষ্টকে নিয়োগ করো; একজন অভিযোগকারী তার ডানদিকে দাঁড়িয়ে থাকুক।

[7] বিচারে সে যেন দোষী সাব্যস্ত হয়, আর তার প্রার্থনা পাপের তুল্য গণ্য হোক।

[8] তার জীবনের আয়ু যেন স্বল্প হয়; অন্য কেউ যেন তার নেতৃত্বের পদে নিযুক্ত হয়।

[9] তার সন্তানেরা পিতৃহীন হোক আর তার স্ত্রী বিধবা হোক।

[10] তার সন্তানেরা ঘুরে বেড়ানো ভিক্ষুক হোক; তাদের ভগ্ন আবাস থেকে তারা বিতাড়িত হোক।

[11] এক পাওনাদার তার সর্বস্ব কেড়ে নিক, অচেনা লোকেরা তার শ্রমের ফল লুট করে নিক।

[12] কেউ যেন তার প্রতি দয়া না করে, অথবা তার পিতৃহীন ছেলেমেয়েদের প্রতি কৃপা না করে।

[13] তার উত্তরপুরুষদের যেন মৃত্যু হয়, আগামী প্রজন্ম থেকে যেন তাদের নাম মুছে যায়।

[14] সদাপ্রভু যেন তার পিতৃপুরুষের অপরাধ স্মরণে রাখেন; তার মায়ের পাপ যেন কখনও মুছে না যায়।

[15] সদাপ্রভু যেন তাদের সব পাপ সর্বদা স্মরণে রাখেন, যেন তিনি তাদের নাম পৃথিবী থেকে মুঝে দেন।

[16] কেননা সে অপরের প্রতি দয়া দেখাতে অস্বীকার করেছিল, এবং দরিদ্র, অভাবী এবং ভগ্নহৃদয়কে মৃত্যুর দিকে তাড়া করেছিল।

[17] সে অভিশাপ দিতে ভালোবাসত— তা যেন তার দিকেই ফিরে আসে। আশীর্বাদ দানে তার ইচ্ছা ছিল না— তা যেন তার থেকে দূরে থাকে।

[18] অভিশাপ সে নিজের পোশাকের মতো পরেছিল; তা জলের মতো তার শরীরে আর তেলের মতো তার হাড়গোড়ে প্রবেশ করেছিল।

[19] তার অভিশাপ তার পরনের পোশাকের মতো হোক, কোমরবন্ধের মতো তার দেহে চিরকাল জড়ানো হোক।

[20] সেই অভিশাপ সদাপ্রভুর প্রতিফল হোক, আমার অভিযোগকারীদের প্রতি যারা আমার সম্বন্ধে মন্দ কথা বলে।

[21] কিন্তু তুমি, হে সার্বভৌম সদাপ্রভু, তোমার নামের গুণে আমাকে সাহায্য করো, তোমার প্রেমের মহিমায় আমাকে উদ্ধার করো।

[22] কারণ আমি দরিদ্র ও অভাবী, এবং আমার হৃদয় ঘায়েল হয়েছে।

[23] সান্ধ্য ছায়ার মতো আমি বিলীন হয়ে যাই; পঙ্গপালের মতো আমাকে দূর করা হয়।

[24] উপবাসে আমার হাঁটু দুর্বল হয়েছে, আমার দেহ শীর্ণ ও শুষ্ক হয়েছে।

[25] আমার অভিযোগকারীদের কাছে আমি অবজ্ঞার পাত্র হয়েছি; যখন তারা আমাকে দেখে তখন তারা ঘৃণায় মাথা নাড়ায়।

[26] হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমাকে সাহায্য করো; তোমার অবিচল প্রেমের গুণে আমাকে উদ্ধার করো।

[27] যেন তারা জানতে পারে যে, এ তোমার হাতের কাজ, তুমিই, হে সদাপ্রভু, এসব করেছ।

[28] তারা অভিশাপ দিক, কিন্তু তুমি আশীর্বাদ দিও; যারা আমাকে আক্রমণ করে, তারা যেন লজ্জায় পড়ে, কিন্তু তোমার দাস আনন্দ করুক।

[29] আমার অভিযোগকারীরা অপমানে আবৃত হোক, এবং আলখাল্লার মতো লজ্জায় আচ্ছাদিত হোক।

[30] আমার মুখ দিয়ে আমি সদাপ্রভুর উচ্চপ্রশংসা করব; আরাধনাকারীদের মহাসভায় আমি তোমার প্রশংসা করব।

[31] কারণ যারা দরিদ্রদের শাস্তি দিতে উদ্যত তাদের কবল থেকে রক্ষা করার উদ্দেশে তিনি দরিদ্রদের ডানদিকে দাঁড়িয়ে আছেন।

গীত — Chapters