[1] হে সদাপ্রভু, আমার প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম মহিমান্বিত! তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বে তোমার মহিমা স্থাপন করেছ!
[2] তুমি ছেলেমেয়েদের ও শিশুদের প্রশংসার মাধ্যমে তোমার শত্রুদের বিরুদ্ধে দুর্গ স্থাপন করেছ; শত্রু ও বিপক্ষদের স্তব্ধ করার উদ্দেশে।
[3] যখন আমি তোমার আকাশমণ্ডল পর্যবেক্ষণ করি, তোমার হাতের কাজ, চাঁদ ও তারার দিকে দেখি যা তুমি নিজস্ব স্থানে রেখেছ,
[4] মানবজাতি কি যে, তাদের কথা তুমি চিন্তা করো? মানুষ কি যে, তার তুমি যত্ন করো?
[5] তুমি তাদের স্বর্গদূতদের চেয়ে সামান্য ছোট করেছ এবং তাদের গৌরব ও সম্মানের মুকুটে ভূষিত করেছ।
[6] তোমার হাতের সকল সৃষ্টির উপর তাদের কর্তৃত্ব দিয়েছ; এসব কিছু তাদের পায়ের নিচে রেখেছ:
[7] সব মেষপাল ও গো-পাল, ও যত বন্যপশু;
[8] আকাশের যত পাখি, সমুদ্রের যত মাছ, যা সমুদ্র প্রবাহে সাঁতার কাটে।
[9] হে সদাপ্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম মহিমান্বিত!