Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:44

[1] সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়; তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[2] ইস্রায়েল বলুক: “তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”

[3] হারোণের কুল বলুক: “তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”

[4] যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে তারা বলুক: “তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”

[5] যন্ত্রণায় আমি সদাপ্রভুর কাছে প্রার্থনা করলাম, তিনি আমাকে প্রশস্ত স্থানে নিয়ে এলেন।

[6] সদাপ্রভু আমার সঙ্গে আছেন; আমি ভীত হব না। সামান্য মানুষ আমার কী করতে পারে?

[7] সদাপ্রভু আমার সঙ্গে আছেন; তিনি আমার সহায়। আমি বিজয়ীর দৃষ্টিতে আমার শত্রুদের দিকে দেখব।

[8] মানুষের উপর আস্থা রাখার চেয়ে সদাপ্রভুর কাছে শরণ নেওয়া শ্রেয়।

[9] অধিপতিদের উপর আস্থা রাখার চেয়ে সদাপ্রভুর কাছে শরণ নেওয়া শ্রেয়।

[10] সব জাতি আমাকে ঘিরে ধরেছিল, কিন্তু সদাপ্রভুর নামে আমি তাদের উচ্ছেদ করেছি।

[11] তারা আমাকে চতুর্দিকে ঘিরে ধরেছিল, কিন্তু সদাপ্রভুর নামে আমি তাদের উচ্ছেদ করেছি।

[12] তারা মৌমাছির মতো আমাকে ছেঁকে ধরেছিল, কিন্তু কাঁটার আগুনের মতো শীঘ্রই তারা নিভে গেল; সদাপ্রভুর নামে আমি তাদের উচ্ছেদ করেছি।

[13] আমার শত্রুরা আমাকে হত্যা করার জন্য প্রবল চেষ্টা করেছিল কিন্তু সদাপ্রভু আমাকে সাহায্য করেছিলেন।

[14] সদাপ্রভু আমার বল ও আমার সুরক্ষা; তিনি আমার পরিত্রাণ হয়েছেন।

[15] ধার্মিকের শিবিরে শোনা গেল আনন্দের জয়ধ্বনি আর বিজয়ের উল্লাস: “সদাপ্রভুর ডান হাত মহান কার্য সাধন করেছেন!

[16] সদাপ্রভুর ডান হাত উন্নত হয়েছে; সদাপ্রভুর ডান হাত মহান কার্য সাধন করেছে!”

[17] আমার মৃত্যু হবে না, বরং জীবিত থাকব, আর সদাপ্রভু যা করেছেন তা ঘোষণা করব।

[18] সদাপ্রভু আমাকে কঠোরভাবে শাসন করেছেন, তবুও তিনি আমাকে মৃত্যুর হাতে সমর্পণ করেননি।

[19] আমার জন্য ধার্মিকদের দরজাগুলি খুলে দাও; আমি প্রবেশ করব আর সদাপ্রভুর ধন্যবাদ করব।

[20] এটি সদাপ্রভুর দরজা, ধার্মিকরা যার মধ্য দিয়ে প্রবেশ করবে।

[21] আমি তোমাকে ধন্যবাদ দেব কারণ তুমি আমাকে সাড়া দিয়েছ; তুমি আমার পরিত্রাণ হয়েছ।

[22] গাঁথকেরা যে পাথর অগ্রাহ্য করেছিল তাই হয়ে উঠল কোণের প্রধান পাথর।

[23] সদাপ্রভু ইহা করেছেন আর তা আমাদের দৃষ্টিতে অবিশ্বাস্য।

[24] আজকের এই দিন সদাপ্রভু সৃষ্টি করেছেন; আমরা আনন্দ করব এবং খুশি হব।

[25] হে সদাপ্রভু, আমাদের রক্ষা করো! হে সদাপ্রভু, আমাদের সফলতা দাও।

[26] ধন্য সেই ব্যক্তি যিনি সদাপ্রভুর নামে আসেন। সদাপ্রভুর গৃহ থেকে আমরা তোমাদের আশীর্বাদ করি।

[27] সদাপ্রভুই ঈশ্বর, এবং তিনি তাঁর জ্যোতি আমাদের উপর দিয়েছেন। বলির পশু নাও, আর দড়ি দিয়ে তা বেদির উপর বেঁধে রাখো।

[28] তুমি আমার ঈশ্বর, আর আমি তোমার প্রশংসা করব; তুমি আমার ঈশ্বর, আর আমি তোমার মহিমা করব।

[29] সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়; তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

গীত — Chapters