[1] ধন্য তারা, যারা আচরণে নির্দোষ, যারা সদাপ্রভুর নিয়ম অনুযায়ী পথ চলে।
[2] ধন্য তারা, যারা তাঁর বিধিবিধান পালন করে এবং সমস্ত হৃদয় দিয়ে তাঁর অনুসন্ধান করে—
[3] তারা অন্যায় করে না কিন্তু তাঁর নির্দেশিত পথে চলে।
[4] তুমি তোমার অনুশাসন দিয়েছ, যেন আমরা সযত্নে তা পালন করি।
[5] আমার আচরণ যেন সুসঙ্গত হয় যেন তোমার নির্দেশমালা পালন করতে পারি।
[6] যখন আমি তোমার সকল আদেশ বিবেচনা করব তখন আমাকে লজ্জিত হতে হবে না।
[7] যখন আমি তোমার ন্যায়সঙ্গত শাসনবিধি শিক্ষা লাভ করব আমি সরল চিত্তে তোমার প্রশংসা করব।
[8] আমি তোমার আদেশ পালন করব; আমাকে তুমি পরিত্যাগ কোরো না। ב বৈৎ
[9] যুবক কেমন করে জীবনে চলার পথ বিশুদ্ধ রাখবে? তোমার বাক্য অনুযায়ী জীবনযাপন করে।
[10] আমার সমস্ত হৃদয় দিয়ে তোমাকে অন্বেষণ করি; আমাকে তোমার আদেশ লঙ্ঘন করে ভ্রান্তপথে যেতে দিয়ো না।
[11] আমি তোমার বাক্য আমার হৃদয়ে লুকিয়ে রেখেছি যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি।
[12] হে সদাপ্রভু, তোমার ধন্যবাদ হোক; তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।
[13] তোমার মুখের সমস্ত শাসন আমি ঠোঁট দিয়ে উচ্চারণ করব।
[14] তোমার বিধিবিধান পালন করতে আমি আনন্দ করি যেমন কেউ অতুল ধনসম্পদে আনন্দ করে।
[15] আমি তোমার অনুশাসনে ধ্যান করি; এবং তোমার পথের বিবেচনা করি।
[16] আমি তোমার নির্দেশাবলীতে আমোদ করি; আমি তোমার বাক্য অবহেলা করব না। ג গিমল
[17] তোমার দাসের মঙ্গল করো যেন আমি জীবিত থাকি, তাহলে আমি তোমার বাক্য পালন করব।
[18] আমার চোখ খুলে দাও যেন আমি তোমার নিয়মকানুনের আশ্চর্য বিষয় দেখতে পাই।
[19] এই পৃথিবীতে আমি এক প্রবাসী; তোমার অনুশাসন আমার কাছে গোপন রেখো না।
[20] সর্বসময়ে তোমার বিধানের জন্য, আমার প্রাণ আকাঙ্ক্ষায় আকুল হয়।
[21] যারা উদ্ধত, তারা অভিশপ্ত, তাদের তুমি তিরস্কার করো, তারা তোমার অনুশাসন লঙ্ঘন করে বিপথে যায়।
[22] অবজ্ঞা ও ঘৃণা আমার থেকে দূর করো, কারণ আমি তোমার বিধিবিধান পালন করি।
[23] যদিও শাসকেরা একত্রে বসে আমার নিন্দা করে, তোমার দাস তোমার বিধিনির্দেশে ধ্যান করে।
[24] তোমার বিধিবিধান আমার আমোদের বিষয়; সেগুলি আমাকে সুমন্ত্রণা দেয়। ד দালৎ
[25] আমার প্রাণ ধুলোয় লুটিয়ে আছে; তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।
[26] আমি তোমাকে আমার পরিকল্পনা বলেছি আর তুমি আমাকে উত্তর দিয়েছ; তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।
[27] তোমার অনুশাসন আমাকে বুঝতে সাহায্য করো, যেন আমি তোমার আশ্চর্য কাজে ধ্যান করতে পারি।
[28] আমার প্রাণ দুঃখে অবসন্ন; তোমার বাক্য অনুযায়ী আমাকে শক্তি দাও।
[29] প্রতারণার পথ থেকে আমাকে দূরে রাখো; আমার প্রতি দয়া করো এবং আমাকে তোমার নিয়মকানুন শেখাও।
[30] আমি বিশ্বস্ততার পথ বেছে নিয়েছি; আমার হৃদয় তোমার আইনকানুনে স্থির রেখেছি।
[31] হে সদাপ্রভু, আমি তোমার বিধিবিধান আঁকড়ে ধরেছি; আমাকে লজ্জিত হতে দিয়ো না।
[32] আমি তোমার আদেশের পথে ছুটে চলি, কারণ তুমি আমার বোধশক্তিকে প্রশস্ত করেছ। ה হে
[33] হে সদাপ্রভু, তোমার বিধি নির্দেশিত পথে চলতে আমাকে শিক্ষা দাও, যেন আমি শেষদিন পর্যন্ত সেগুলি পালন করতে পারি।
[34] আমাকে বোধশক্তি দাও, যেন আমি তোমার আইনকানুন পালন করতে পারি এবং সমস্ত হৃদয় দিয়ে বাধ্য হতে পারি।
[35] তোমার আদেশের পথে আমাকে পরিচালনা করো, কারণ সেখানে আমি আনন্দ খুঁজে পাই।
[36] আমার হৃদয়কে তোমার বিধিবিধানের দিকে ফেরাও বরং স্বার্থপর লাভের দিকে নয়।
[37] মূল্যহীন বস্তু থেকে আমার দৃষ্টি ফেরাও, তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।
[38] তোমার দাসের প্রতি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো, যেন তোমাকে সকলে সম্ভ্রম করে।
[39] আমার লাঞ্ছনা দূর করো যা আমি ভয় করি, কারণ তোমার আইনকানুন উত্তম।
[40] তোমার অনুশাসন পালনে আমি কত আগ্রহী! তোমার ধার্মিকতায় আমার জীবন বাঁচিয়ে রাখো। ו বৌ
[41] হে সদাপ্রভু, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী তোমার অবিচল প্রেম, আর তোমার পরিত্রাণ আমার উপর আসুক,
[42] তখন তাদের আমি সদুত্তর দিতে পারব যারা আমাকে ব্যঙ্গ করে, কারণ আমি তোমার বাক্যে আস্থা রাখি।
[43] তোমার সত্যের বাক্য আমার মুখ থেকে কখনও নিয়ে নিয়ো না, কারণ তোমার অনুশাসনে আমি আশা রেখেছি।
[44] আমি চিরকাল তোমার বিধান পালন করব, যুগে যুগে চিরকাল করব।
[45] জীবনে আমি স্বাধীনভাবে চলব, কারণ আমি তোমার অনুশাসন অন্বেষণ করেছি।
[46] রাজাদের সামনে আমি তোমার সাক্ষ্যকলাপের কথা বলব এবং আমি লজ্জিত হব না।
[47] আমি তোমার আদেশে আমোদ করি কারণ আমি সে সকল ভালোবাসি।
[48] আমি তোমার নির্দেশাবলি সম্মান করি ও ভালোবাসি, আমি তোমার বিধিনিয়মে ধ্যান করি। ז সয়িন
[49] তোমার দাসের প্রতি তোমার প্রতিশ্রুতি স্মরণ করো, কারণ তুমি আমাকে আশা দিয়েছ।
[50] কষ্টে আমার সান্ত্বনা এই যে, তোমার প্রতিশ্রুতিই আমার জীবন বাঁচিয়ে রাখে।
[51] দাম্ভিকেরা নির্মমভাবে আমাকে বিদ্রুপ করে, কিন্তু আমি তোমার বিধিবিধান থেকে মুখ ফিরাই না।
[52] হে সদাপ্রভু, আমি তোমার প্রাচীন শাসনব্যবস্থা স্মরণ করি, এবং তাতেই আমি সান্ত্বনা পাই।
[53] আমি দুষ্টদের প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত হই, কারণ তারা তোমার বিধিবিধান পরিত্যাগ করেছে।
[54] আমি যেখানেই বাস করি না কেন, তোমার নির্দেশাবলীই আমার গানের বিষয়বস্তু।
[55] হে সদাপ্রভু, রাত্রিকালে আমি তোমার নাম স্মরণ করি, যেন আমি তোমার বিধিবিধান পালন করতে পারি।
[56] এই আমার অভ্যাস যে, আমি তোমার অনুশাসন পালন করি। ח হেৎ
[57] হে সদাপ্রভু, তুমি আমার অধিকার, আমি তোমার আজ্ঞা পালন করার প্রতিশ্রুতি নিয়েছি।
[58] আমি সমস্ত হৃদয় দিয়ে তোমার মুখ অন্বেষণ করেছি; তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে কৃপা করো।
[59] আমি আমার চলার পথ বিবেচনা করে দেখেছি, এবং তোমারই বিধিবিধানের পথে আমার পা রেখেছি।
[60] আমি দ্রুত তোমার আদেশ পালন করব, দেরি করব না।
[61] যদিও দুষ্টরা আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখে, আমি তোমার শাসনব্যবস্থা ভুলে যাব না।
[62] তোমার ন্যায়সঙ্গত শাসনবিধির জন্য আমি মধ্যরাত্রে তোমাকে ধন্যবাদ দিতে জেগে উঠি।
[63] আমি তাদের সকলের বন্ধু যারা তোমাকে সম্ভ্রম করে, আর সকলে যারা তোমার অনুশাসন পালন করে।
[64] হে সদাপ্রভু, এই পৃথিবী তোমার প্রেমে পূর্ণ, তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও। ט টেট
[65] হে সদাপ্রভু, তোমার বাক্য অনুসারে তোমার দাসের প্রতি মঙ্গল করো।
[66] আমাকে জ্ঞান ও বিচারবুদ্ধি দাও, কারণ আমি তোমার আদেশে আস্থা রাখি।
[67] পীড়িত হবার আগে আমি বিপথে গিয়েছিলাম, কিন্তু এখন আমি তোমার আদেশ পালন করি।
[68] তুমি মঙ্গলময় এবং তুমি যা করো তাও মঙ্গলময়, তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।
[69] যদিও দাম্ভিকরা মিথ্যায় আমাকে কলঙ্কিত করেছে, আমি তোমার বিধিসকল সমস্ত হৃদয় দিয়ে পালন করি।
[70] তাদের হৃদয় কঠোর ও অনুভূতিহীন, কিন্তু আমি তোমার বিধিব্যবস্থায় আমোদ করি।
[71] পীড়িত হওয়া আমার জন্য মঙ্গল হয়েছে যেন আমি তোমার আদেশসকল শিখতে পারি।
[72] তোমার মুখের বিধিবিধান হাজার হাজার রুপো ও সোনার চেয়ে আমার কাছে বেশি মূল্যবান। י ইয়ূদ
[73] তোমার হাত আমাকে সৃষ্টি করেছে ও গঠন করেছে; তোমার আদেশ বুঝতে আমাকে বোধশক্তি দাও।
[74] যারা তোমাকে সম্ভ্রম করে তারা যেন আমাকে দেখলে আনন্দিত হয়, কারণ তোমার বাক্যে আমি আশা রেখেছি।
[75] হে সদাপ্রভু, আমি জানি যে তোমার বিধিনিয়ম ন্যায়সঙ্গত, আর তুমি বিশ্বস্ততায় আমাকে পীড়িত করেছ।
[76] তোমার অবিচল প্রেম যেন আমার সান্ত্বনা হয়, যেমন তুমি তোমার দাসের প্রতি প্রতিশ্রুতি করেছ।
[77] তোমার অসীম করুণা আমাকে ঘিরে রাখুক যেন আমি বাঁচতে পারি, কারণ তোমার নিয়মবিধান আমার আনন্দের বিষয়।
[78] দাম্ভিকরা লজ্জিত হোক কেননা তারা অকারণে আমার সর্বনাশ করেছে; কিন্তু আমি তোমার অনুশাসনে ধ্যান করব।
[79] যারা তোমাকে সম্ভ্রম করে এবং যারা তোমার বিধিবিধান বোঝে, তাদের সঙ্গে আমি মিলিত হই।
[80] আমার সমস্ত হৃদয় দিয়ে যেন তোমার আদেশ পালন করতে পারি, যেন আমাকে লজ্জিত না হতে হয়। כ কাফ
[81] তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আমার প্রাণ দুর্বল হয়, কিন্তু আমি তোমার বাক্যে আশা রেখেছি।
[82] তোমার প্রতিশ্রুতি পূরণের আশায় আমার দৃষ্টি ক্ষীণ হয়, আমি বলি, “কখন তুমি আমায় সান্ত্বনা দেবে?”
[83] যদিও আমি ধোঁয়ার মধ্যে রাখা সঙ্কুচিত সুরাধারের মতো, কিন্তু আমি তোমার নির্দেশাবলি ভুলে যাইনি।
[84] কত কাল তোমার দাস প্রতীক্ষায় থাকবে? কবে তুমি আমার নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি দেবে?
[85] দাম্ভিকেরা গর্ত খুঁড়ে আমাকে ফাঁদে ফেলতে চায়, তারা তোমার নিয়মের বিরুদ্ধাচরণ করে।
[86] তোমার সকল আদেশ নির্ভরযোগ্য; আমাকে সাহায্য করো, কারণ লোকে অকারণে আমাকে নির্যাতন করে।
[87] তারা আমাকে প্রায় পৃথিবী থেকে মুছে দিয়েছে, কিন্তু আমি তোমার অনুশাসন ত্যাগ করিনি।
[88] তোমার অবিচল প্রেমে আমার জীবন বাঁচিয়ে রাখো, যেন আমি তোমার মুখের বিধিবিধান পালন করতে পারি। ל লামেদ
[89] হে সদাপ্রভু, তোমার বাক্য চিরন্তন; আকাশমণ্ডলে তা প্রতিষ্ঠিত।
[90] তোমার বিশ্বস্ততা বংশের পর বংশ স্থায়ী; তুমি এই পৃথিবী স্থাপন করেছ এবং তা স্থির রয়েছে।
[91] তোমার আইনব্যবস্থা আজও অটল রয়েছে, কারণ সবকিছুই তোমার সেবা করে।
[92] যদি তোমার বিধিবিধান আমার আনন্দের বিষয় না হতো, আমি হয়তো নিজের দুঃখে বিনষ্ট হতাম।
[93] আমি কখনও তোমার অনুশাসন ভুলে যাব না, কারণ তা দিয়েই তুমি আমার জীবন বাঁচিয়ে রেখেছ।
[94] আমাকে রক্ষা করো, কারণ আমি তোমারই; আমি তোমার বিধিসকল অন্বেষণ করেছি।
[95] দুষ্ট আমাকে ধ্বংস করার অপেক্ষায় আছে, কিন্তু আমি তোমার অনুশাসনে মনঃসংযোগ করব।
[96] প্রত্যেক সিদ্ধতার এক সীমা আছে, কিন্তু তোমার আজ্ঞাসকল সীমাহীন। מ মেম
[97] আহা, আমি তোমার বিধিবিধান কতই না ভালোবাসি! তা আমার সারাদিনের ধ্যানের বিষয়।
[98] তোমার নির্দেশাবলি আমাকে আমার শত্রুদের থেকে বুদ্ধিমান করে কারণ সেই সকল সবসময় আমার সঙ্গে আছে।
[99] আমি তোমার বিধিব্যবস্থায় ধ্যান করি, তাই আমার শিক্ষকদের চেয়ে আমার অন্তর্দৃষ্টি বেশি।
[100] প্রবীণদের চেয়ে আমার বোধশক্তি বেশি, কারণ আমি তোমার বিধিসকল পালন করি।
[101] সকল কুপথ থেকে আমার পা আমি দূরে রেখেছি যেন আমি তোমার বাক্য পালন করতে পারি।
[102] আমি তোমার নিয়মব্যবস্থা থেকে বিপথে যাইনি, কারণ তুমি স্বয়ং আমাকে শিক্ষা দিয়েছ।
[103] তোমার বাক্য আমার মুখে আস্বাদন করা কত মধুর, আমার মুখে তা মধুর চেয়েও বেশি মধুর!
[104] আমি তোমার বিধিসকল থেকে বোধশক্তি লাভ করি, তাই আমি সব অন্যায় পথ ঘৃণা করি। נ নূন
[105] তোমার বাক্য আমার চরণের প্রদীপ, এবং আমার চলার পথের আলো।
[106] আমি শপথ করেছি ও স্থির করেছি, যে আমি তোমার ন্যায়সঙ্গত শাসনবিধি পালন করব।
[107] হে সদাপ্রভু, আমি অনেক কষ্ট পেয়েছি; তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।
[108] হে সদাপ্রভু, আমার মুখের প্রশংসার অর্ঘ্য গ্রহণ করো, এবং আমাকে তোমার বিধিনিয়ম শিক্ষা দাও।
[109] যদিও আমি আমার প্রাণ প্রতিনিয়ত আমার হাতে নিয়ে চলি, আমি তোমার বিধিবিধান ভুলে যাব না।
[110] দুষ্টরা আমার জন্য ফাঁদ পেতেছে, কিন্তু আমি তোমার অনুশাসন থেকে বিপথে যাইনি।
[111] তোমার বিধিব্যবস্থা আমার চিরকালের উত্তরাধিকার, সেগুলি আমার হৃদয়ের আনন্দ।
[112] তোমার বিধিনির্দেশ শেষ পর্যন্ত পালন করার উদ্দেশে আমার হৃদয় দৃঢ়সংকল্প। ס সামেখ
[113] দ্বিমনা চরিত্রের লোকেদের আমি ঘৃণা করি, কিন্তু আমি তোমার নিয়মব্যবস্থা ভালোবাসি।
[114] তুমি আমার আশ্রয় ও আমার ঢাল; তোমার বাক্য আমার আশার উৎস।
[115] হে অনিষ্টকারীদের দল, আমার থেকে দূর হও, যেন আমি আমার ঈশ্বরের আদেশ পালন করতে পারি।
[116] হে ঈশ্বর, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে সামলে রাখো এবং তাতে আমি বাঁচব; আমার প্রত্যাশা বিফল হতে দিয়ো না।
[117] আমাকে তুলে ধরো, তাহলে আমি রক্ষা পাব; আমি চিরকাল তোমার আদেশসকলে ভরসা করব।
[118] যারা তোমার আদেশ অগ্রাহ্য করে বিপথে যায় তাদের সবাইকে তুমি ত্যাগ করো, কারণ তারা কেবল নিজেদেরই ঠকায়।
[119] পৃথিবীর সব দুষ্টদের তুমি আবর্জনার মতো পরিত্যাগ করো; তাই তোমার বিধিবিধান আমার কাছে এত প্রিয়।
[120] তোমার প্রতি সম্ভ্রমে আমার শরীর কাঁপে, তোমার বিধিনিয়মে আমি ভীত। ע আয়িন
[121] যা কিছু সঠিক ও ন্যায়সঙ্গত তা সব আমি পালন করেছি, আমাকে আমার অত্যাচারীদের হাতে সমর্পণ কোরো না।
[122] তোমার দাসের মঙ্গলের ভার তুমি নাও; দাম্ভিকেরা যেন আমার উপর নির্যাতন না করে।
[123] তোমার পরিত্রাণের অপেক্ষায়, তোমার ন্যায়সঙ্গত প্রতিশ্রুতির প্রতীক্ষায়, আমার চোখ দুর্বল হয়েছে।
[124] তোমার প্রেম অনুযায়ী তোমার দাসের প্রতি ব্যবহার করো, আর তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।
[125] আমি তোমার দাস; আমাকে বিচক্ষণতা দাও যেন আমি তোমার বিধিবিধান বুঝতে পারি।
[126] হে সদাপ্রভু, এবার তোমার সক্রিয় হওয়ার সময় এসেছে; কারণ তোমার আইনব্যবস্থা লঙ্ঘন করা হচ্ছে।
[127] সোনার চেয়ে, বিশুদ্ধ সোনার চেয়েও আমি তোমার আজ্ঞাসকল বেশি ভালোবাসি।
[128] তোমার সকল অনুশাসনবিধি আমি ন্যায্য মনে করি তাই আমি সমস্ত অন্যায় পথ ঘৃণা করি। פ পে
[129] তোমার বিধিবিধান কত আশ্চর্য; তাই আমি সেগুলি মান্য করি।
[130] তোমার বাক্যের শিক্ষা আলো দেয়; যারা সরলচিত্ত তাদের বোধশক্তি দেয়।
[131] আমি প্রত্যাশায় শ্বাস ফেলি, তোমার আদেশের অপেক্ষায়।
[132] যারা তোমার নাম ভালোবাসে তাদের প্রতি তুমি সর্বদা যেমন করো, তেমনই আমার প্রতি ফিরে চাও ও আমাকে দয়া করো।
[133] তোমার বাক্য অনুযায়ী আমার পদক্ষেপ পরিচালনা করো; পাপ যেন আমার উপর কর্তৃত্ব না করে।
[134] লোকেদের নির্যাতন থেকে আমাকে মুক্ত করো, যেন আমি তোমার অনুশাসন মেনে চলতে পারি।
[135] তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্বল করো, এবং তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।
[136] আমার চোখ থেকে অশ্রুপ্রবাহ হচ্ছে, কারণ লোকেরা তোমার আইনব্যবস্থা পালন করছে না। צ সাদে
[137] হে সদাপ্রভু, তুমি ন্যায়পরায়ণ, আর তোমার আইনব্যবস্থা ন্যায্য।
[138] যেসব বিধিবিধান তুমি দিয়েছ তা ধর্মময়, এবং সেগুলি সম্পূর্ণ নির্ভরযোগ্য।
[139] আমার উদ্যম আমাকে ক্লান্ত করেছে, কারণ আমার বিপক্ষরা তোমার বাক্য অবহেলা করে।
[140] তোমার প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে পরীক্ষাসিদ্ধ হয়েছে, আর তোমার দাস সেগুলি ভালোবাসে।
[141] যদিও আমি ক্ষুদ্র ও অবজ্ঞাত, আমি তোমার অনুশাসন ভুলে যাইনি।
[142] তোমার ন্যায়পরায়ণতা চিরস্থায়ী আর তোমার আইনব্যবস্থা সত্য।
[143] সঙ্কট ও দুর্দশা আমার উপরে উপস্থিত, কিন্তু তোমার আজ্ঞাসকল আমাকে আনন্দ দেয়।
[144] তোমার বিধিবিধান চিরকালীন সত্য; আমাকে বোধশক্তি দাও যেন বাঁচতে পারি। ק কফ
[145] হে সদাপ্রভু, আমি সমস্ত অন্তর দিয়ে তোমাকে ডাকি, আমাকে উত্তর দাও, এবং আমি তোমার আজ্ঞাসকল পালন করব।
[146] আমি তোমাকে ডেকেছি, আমাকে রক্ষা করো আর আমি তোমার বিধিবিধান পালন করব।
[147] আমি ভোর হওয়ার আগে উঠি আর সাহায্যের জন্য প্রার্থনা করি; তোমার বাক্যে আমি আশা রেখেছি।
[148] সারারাত আমি চোখ খুলে জেগে থাকি, যেন তোমার প্রতিশ্রুতিতে আমি ধ্যান করতে পারি।
[149] তোমার প্রেম অনুযায়ী আমার কণ্ঠস্বর শোনো; হে সদাপ্রভু, তোমার আইনব্যবস্থা অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।
[150] যারা মন্দ সংকল্প করে তারা আমাকে আক্রমণ করার জন্য কাছে এসেছে, কিন্তু তারা তোমার আইনব্যবস্থা থেকে অনেক দূরে আছে।
[151] তবুও হে সদাপ্রভু, তুমি কাছেই আছো, আর তোমার আজ্ঞাসকল সত্য।
[152] অনেক বছর আগে আমি তোমার বিধিবিধান থেকে শিখেছি যে তুমি এগুলি চিরকালের জন্য স্থাপন করেছ। ר রেশ
[153] আমার দুঃখকষ্টের দিকে চেয়ে দেখো ও আমাকে উদ্ধার করো, কারণ আমি তোমার শাসনব্যবস্থা ভুলে যাইনি।
[154] আমার পক্ষসমর্থন করে আমাকে মুক্ত করো, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমার প্রাণরক্ষা করো।
[155] দুষ্টরা তোমার পরিত্রাণ থেকে অনেক দূরে, কারণ তারা তোমার বিধিবিধান অন্বেষণ করে না।
[156] হে সদাপ্রভু, তোমার করুণা মহান, তোমার আইনব্যবস্থা অনুযায়ী আমাকে বাঁচিয়ে রাখো।
[157] অনেক আমার বিপক্ষ যারা আমাকে নির্যাতন করে, কিন্তু আমি তোমার বিধিবিধান থেকে বিপথে যাইনি।
[158] যারা বিশ্বাসঘাতক আমি তাদের ঘৃণার চোখে দেখি, কারণ তারা তোমার আদেশ পালন করে না।
[159] দেখো, আমি তোমার অনুশাসন কত ভালোবাসি, তোমার অবিচল প্রেমের গুণে, হে সদাপ্রভু, আমার জীবন বাঁচিয়ে রাখো।
[160] তোমার সকল বাক্য সত্য; তোমার সকল ন্যায়সঙ্গত শাসনবিধি চিরস্থায়ী। ש শিন
[161] শাসকবর্গ অকারণে আমাকে নির্যাতন করে, কিন্তু আমার হৃদয় তোমার বাক্যে কম্পিত হয়।
[162] আমি তোমার প্রতিশ্রুতিতে আনন্দ করি যেমন লোকেরা লুট করা সম্পদে করে।
[163] অসত্যকে আমি ঘৃণা ও অবজ্ঞা করি, কিন্তু আমি তোমার আইনব্যবস্থাকে ভালোবাসি।
[164] তোমার ন্যায়সঙ্গত শাসনবিধির জন্য আমি দিনে সাতবার তোমার প্রশংসা করি।
[165] যারা তোমার এই আইনব্যবস্থা ভালোবাসে তাদের অন্তরে পরম শান্তি থাকে, আর কোনও কিছুতে তারা হোঁচট খায় না।
[166] হে সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আছি, আর আমি তোমার আদেশসকল পালন করি।
[167] আমি তোমার বিধিবিধান মান্য করি, কারণ আমি সেইসব অত্যন্ত ভালোবাসি।
[168] আমি তোমার অনুশাসন ও তোমার বিধিবিধান পালন করি, কারণ আমার চলার সকল পথ তোমার জানা। ת তৌ
[169] হে সদাপ্রভু, আমার কাতর প্রার্থনা শোনো; তোমার বাক্য অনুযায়ী আমাকে বোধশক্তি দাও।
[170] আমার নিবেদন শোনো; তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে উদ্ধার করো।
[171] আমার ঠোঁট দুটি যেন প্রশংসায় উপচে পড়ে; কারণ তুমি আমাকে তোমার নির্দেশাবলি শিক্ষা দাও।
[172] আমার জিভ যেন তোমার বাক্যের গান গাইতে থাকে, কারণ তোমার সমস্ত আদেশ ন্যায়সঙ্গত।
[173] তোমার হাত আমাকে সাহায্য করার জন্য যেন প্রস্তুত থাকে, কারণ আমি তোমার বিধিসকল বেছে নিয়েছি।
[174] হে সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আছি, আর তোমার আইনব্যবস্থা আমাকে আনন্দ দেয়।
[175] আমাকে বাঁচতে দাও যেন আমি তোমার প্রশংসা করতে পারি, এবং তোমার আইনব্যবস্থা যেন আমাকে বাঁচিয়ে রাখে।
[176] আমি হারিয়ে যাওয়া মেষের মতো বিপথে গিয়েছি। তোমার দাসকে অন্বেষণ করো, কারণ আমি তোমার আদেশসকল ভুলে যাইনি।